প্রথম নজরে ছবিটি দেখলে যে কারও চমকে ওঠার কথা। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে—এটা কি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো কোনো ছবি? কিন্তু না, ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকসের এই ভয়ংকর চেহারার পেছনে কোনো প্রযুক্তির কারসাজি নেই; বাস্তবেই একটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।
ক্রিকেট বলের আঘাতে গুরুতর আহত হন স্টোকস। তবে ব্যাটিং কিংবা বোলিং করার সময় নয়, বরং কাউন্টি ক্লাব ডারহামের ক্রিকেটারদের নেট অনুশীলন পর্যবেক্ষণ করার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি পোস্ট করেন স্টোকস। সেখানে দেখা যায়, তাঁর মুখের ডান পাশ কেটে গেছে, চোখের নিচে গভীর ক্ষত ও ফোলা ভাব রয়েছে। ভাঙা নাকের ভেতরে তুলা গোঁজা, সঙ্গে ফেটে যাওয়া ঠোঁট—সব মিলিয়ে চেহারার অবস্থা বেশ উদ্বেগজনক।
তবে এমন পরিস্থিতিতেও মনোবল হারাননি স্টোকস। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া ছবিতে যোগ করেছেন অট্টহাসির ইমোজি। ক্যাপশনে লিখেছেন, ‘ক্রিকেট বলের শক্তি কেমন হতে পারে সেটা আপনাদের দেখা উচিত।’
স্টোকস যতই বিষয়টি হালকাভাবে নেন না কেন, ছবিই বলে দিচ্ছে আঘাতের যন্ত্রণা কম নয়। ক্যারিয়ারে এর আগেও চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। কিন্তু মুখে এমন আঘাত সম্ভবত তাঁর জন্য একেবারেই নতুন এবং ভোলার মতো নয়।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে আর দেখা যায়নি স্টোকসকে। বর্তমানে তিনি কেবল টেস্ট ক্রিকেটেই নিয়মিত। তাঁর নেতৃত্বে সর্বশেষ অ্যাশেজ সিরিজে ৪–১ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড, যার পর অধিনায়কত্ব নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে স্টোকস নিজে নেতৃত্ব চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
এখন দেখার বিষয়, বেন স্টোকসকে নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই মাঠে ফেরার কথা রয়েছে তাঁর।