মহাখালী ও নাবিস্কোর মধ্যবর্তী তেজগাঁও লিংক রোড এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন নাসা গ্রুপের শত শত পোশাক শ্রমিক।
রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর থেকে শ্রমিকরা রাস্তায় অবস্থান নেওয়ায় ওই রুটে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলশান জোনের ট্রাফিক পুলিশ যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়ে ডায়ভারশন ঘোষণা করেছে।
পুলিশ সূত্র জানায়, নাসা গ্রুপের আনুমানিক সাত-আটশ কর্মী বেতনের দাবিতে তেজগাঁও লিংক রোডের মুখে অবস্থান নিয়েছেন। এর ফলে তেজগাঁও থেকে মহাখালী-উত্তরা এবং উত্তরা থেকে মহাখালী-তেজগাঁও অভিমুখে সব ধরনের যান চলাচল স্থগিত রয়েছে। সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে ট্রাফিক বিভাগ বেশ কিছু বিকল্প পথের নির্দেশনা দিয়েছে।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরা-মহাখালী রুটে যাতায়াতের জন্য যাত্রীরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন। এছাড়া উত্তরা, গুলশান বা বনানী থেকে তেজগাঁওয়ের দিকে আসার ক্ষেত্রে মহাখালী ফ্লাইওভার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিকল্প হিসেবে কাকলী থেকে বামে মোড় নিয়ে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে গুলশান-২, সেখান থেকে নতুন বাজার অথবা গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিল অভিমুখী সড়কগুলো ব্যবহার করা যাচ্ছে। একইভাবে বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলোকেও এই রুটগুলো অনুসরণ করতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় যাতায়াতে অতিরিক্ত সময় হাতে রাখার অনুরোধ জানিয়েছে প্রশাসন।