ভোলা-১ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী চূড়ান্ত হলো। বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এই আসনে জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন। বিকেল ৫টার দিকে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা যায়, আন্দালিব রহমান পার্থ এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে বিপুল ভোটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তৎকালীন সরকারের বিরুদ্ধে সংসদে তার দৃঢ় অবস্থান ও প্রতিবাদী ভূমিকা দেশ-বিদেশে তাকে পরিচিত করে তোলে। এবারের নির্বাচনেও তাকে কেন্দ্র করে জোটের নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ভোলা-১ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী মো. রফিজুল হোসেনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
বর্তমানে এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওবায়দুর রহমান, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আইনুর রহমান জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মিজানুর রহমান এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আশ্রাফ আলী।