বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পূর্ণ চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। তারা আশাবাদ ব্যক্ত করেন, তাঁর নেতৃত্বে দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি আরও কার্যকর ভূমিকা রাখবে।
বিবৃতিতে বলা হয়, তারেক রহমানের নেতৃত্বেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের পথে অগ্রযাত্রা সম্ভব। তাঁর দৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে বিএনপি ইতোমধ্যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিকভাবে শক্ত অবস্থান তৈরি করেছে। জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী এই নেতার গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন ভূমিকা ও দেশপ্রেম সবার কাছে পরিচিত।
ইউট্যাব নেতারা জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের ওপর সংগঠনটির পূর্ণ আস্থা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তিনি পরিবার থেকেই রাজনীতির শিক্ষা পেয়েছেন। দীর্ঘ প্রায় দেড় দশক ধরে তিনি বিএনপিকে সংগঠিত রেখেছেন এবং ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
ইউট্যাবের শীর্ষ নেতারা বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে তারেক রহমান তাঁর অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা কাজে লাগিয়ে বিএনপিকে আরও সুসংহত করবেন বলে তারা বিশ্বাস করেন। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নেবেন।
বিবৃতির শেষে ইউট্যাবের পক্ষ থেকে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।