শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে আজ বিকেলেই কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে আজ বিকেলেই কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপ্রধান ও তাঁর উচ্চপর্যায়ের সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে। মালয়েশিয়ার সফর শেষ করেই তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি বেইজিং সফরে যাবেন।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ এশিয়া সফরের বিশদ বিবরণ জানাতে আগের দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর। এবারের সফরে সরকারি ব্যয় ও বহর সীমিত রাখার নীতি অনুসরণ করে মাত্র ২৭ থেকে ২৮ সদস্যের একটি ছোট প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছে। এই সফর দুটিকে বাংলাদেশের অর্থনীতি মজবুত করা, নতুন বিনিয়োগ আনা এবং আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

পররাষ্ট্র সচিব আরও জানান, চীন সফরকালে দুই দেশের মধ্যে অন্তত ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি ও নথিপত্র সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকল রয়েছে। পাশাপাশ বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও বেইজিংয়ের সঙ্গে সুনির্দিষ্ট আলোচনা হবে। আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ২৬ জুন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে চীন সফরের অংশ হিসেবে লিয়াওনিং প্রদেশের দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠেয় ‘সামার দাভোস ফোরাম’ নামে পরিচিত ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবণতা নিয়ে আয়োজিত এই বৈশ্বিক ফোরামে বিশ্বের ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন।

সফরের প্রথম অংশে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজারের উন্নয়ন, বাণিজ্য বৃদ্ধি ও নতুন বিনিয়োগের ওপর জোর দেওয়া হবে। আর দ্বিতীয় অংশে চীনে বাংলাদেশের অবকাঠামো, প্রযুক্তিগত সহায়তা ও আঞ্চলিক যোগাযোগের খাতগুলোতে অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়টি প্রাধান্য পাবে। দুই দেশের রাষ্ট্রীয় সফর সম্পন্ন করে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।