বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তথ্য সংগ্রহ করতে গিয়ে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন বাংলা টিভির উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। এই ঘটনায় উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আতিকুর রহমান লিটনের বিরুদ্ধে মঙ্গলবার (১০ মার্চ) রাতে থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী ওই সংবাদকর্মী।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তথ্য সংগ্রহ করতে গিয়ে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন বাংলা টিভির উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। এই ঘটনায় উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আতিকুর রহমান লিটনের বিরুদ্ধে মঙ্গলবার (১০ মার্চ) রাতে থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী ওই সংবাদকর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির উপস্থিতিতে বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে হামলার এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, দুপুর আড়াইটার দিকে জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামের সামনে ফয়সাল আহমেদকে লক্ষ্য করে আক্রমণ চালান আতিকুর রহমান লিটন। তিনি হঠাৎ করেই সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে বেধড়ক মারধর করেন। এসময় ভবিষ্যতে এ ধরনের কাজ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আক্রান্ত সাংবাদিক ফয়সাল আহমেদ জানান, অডিটোরিয়ামের বাইরে পৌর বিএনপির সভাপতির সঙ্গে কথা বলার সময় পেছন থেকে লিটন অতর্কিত হামলা চালান। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। অন্যদিকে, অভিযুক্ত আতিকুর রহমান লিটন মারধরের বিষয়টি এড়িয়ে গিয়ে অভিযোগ করেন যে, ফয়সাল তার পারিবারিক বিষয়ে আপত্তিকর সংবাদ পরিবেশনের মাধ্যমে তাকে বিরক্ত করছিলেন। এছাড়া তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে আক্রমণাত্মক মন্তব্যও করেন লিটন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাংবাদিকের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।