রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেন বিজিবির মিডিয়া পরিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে সকালে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, পোস্টাল ব্যালটসহ বিভিন্ন বিষয়ে দেওয়া কিছু রায়ে রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে এবং এসব সিদ্ধান্তে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছে।
কর্মসূচির সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির দুপুর ১২টায় নির্বাচন ভবনের সামনে বলেন, “আমরা শান্তিপূর্ণ ভাবে আজকে রাত পর্যন্ত নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করব।”
কর্মসূচিকে ঘিরে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আগারগাঁও এলাকায় নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে।