বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

চোরাচালান দমনে কোস্টগার্ডের অর্জন বাজেটের ১৫ গুণ

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক জানিয়েছেন, ২০২৫ সালে শুধু চোরাচালান প্রতিরোধ ও মৎস্য সম্পদ সুরক্ষা অভিযানের মাধ্যমে বাহিনীটির অর্জনের আর্থিক মূল্য প্রায় ১৬ হাজার কোটি টাকা। যা অর্থমূল্যের দিক থেকে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য বরাদ্দ বার্ষিক বাজেটের প্রায় ১৫ গুণ।

চোরাচালান দমনে কোস্টগার্ডের অর্জন বাজেটের ১৫ গুণ
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক জানিয়েছেন, ২০২৫ সালে শুধু চোরাচালান প্রতিরোধ ও মৎস্য সম্পদ সুরক্ষা অভিযানের মাধ্যমে বাহিনীটির অর্জনের আর্থিক মূল্য প্রায় ১৬ হাজার কোটি টাকা। যা অর্থমূল্যের দিক থেকে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য বরাদ্দ বার্ষিক বাজেটের প্রায় ১৫ গুণ।

রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত বাংলাদেশ কোস্টগার্ড পদক প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, প্রতি বছর অবৈধ পণ্য জব্দ ও চোরাচালান দমনের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড সরকারের বিনিয়োগের তুলনায় বহুগুণ বেশি আর্থিক ও কৌশলগত সুফল এনে দিচ্ছে। সীমিত বাজেট, জনবল সংকট ও নানাবিধ প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কোস্টগার্ড দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে একটি দক্ষ ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে সুপরিচিতি অর্জন করেছে।

তিনি আরও বলেন, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, পরিবেশগত আইন বাস্তবায়ন এবং সমুদ্রের টেকসই ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে কোস্টগার্ড দেশের সুনীল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য সম্পদ রক্ষা, সামুদ্রিক দূষণ প্রতিরোধ ও সামুদ্রিক আইন প্রয়োগের মাধ্যমে বাহিনীটি দেশের খাদ্য নিরাপত্তা জোরদার, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং দীর্ঘমেয়াদি জাতীয় উন্নয়নে সরাসরি অবদান রাখছে।