শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল চলাকালীন ছাত্রদল নেতা-কর্মীরা ছাত্রশিবির ও জামায়াত বিরোধী বিভিন্ন উত্তপ্ত স্লোগান দেন। তারা ক্যাম্পাসে শিবিরের রাজনীতি রুখে দেওয়ার এবং জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মিছিল শেষে আয়োজিত সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সমাবেশে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, ছাত্রশিবিরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার সময় এসেছে। তিনি অভিযোগ করেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দেওয়া ছিল একটি ঐতিহাসিক ভুল, যার মাসুল এখন দিতে হচ্ছে। তিনি আরও বলেন, সাম্য হত্যার বিচার হলে শিবির আজ রগ কাটার রাজনীতি করার সাহস পেত না। ক্লাসরুম বা ফেসবুকে ধর্মের দোহাই দিয়ে রাজনীতি না করার জন্য তিনি তাদের সতর্ক করেন।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রশিবির ক্ষমতার অপব্যবহার করছে। চট্টগ্রাম সিটি কলেজের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শিবির যদি সুস্থ ধারার রাজনীতিতে ফিরে না আসে, তবে তাদের গুপ্ত রাজনীতি ও মববাজি আর সহ্য করা হবে না।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী তার বক্তব্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের পর শিবির খুনের নেশায় মেতে উঠেছে। তারা যদি সাধারণ শিক্ষার্থী বা কোনো রাজনৈতিক সংগঠনের ওপর হামলা চালায়, তবে ছাত্রদল তাদের কঠোরভাবে দমন করবে। তিনি আজ থেকেই ক্যাম্পাসে ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

উক্ত প্রতিবাদ কর্মসূচিতে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি শেখ নূর উদ্দীন আবির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এশাসহ বিভিন্ন হল ও অনুষদের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।