মঙ্গলবার, 17 নভেম্বর 2026
সকল বিভাগ

যুক্তরাষ্ট্রে ২ দফা প্রাণঘাতী ইনজেকশন, তবু বেঁচে গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী

বিবিসির খবরে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের পুরো প্রক্রিয়াটি একপর্যায়ে বিশৃঙ্খল হয়ে পড়ে। ইনজেকশন দেওয়ার সময় পাইক কারারক্ষীদের দিকে তাকিয়ে জানতে চান, “ইনজেকশন দিলে কি এমনই লাগে?” এরপর প্রত্যক্ষদর্শীদের কক্ষের পর্দা বন্ধ করে দেওয়া হয় এবং সাংবাদিকদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়।

যুক্তরাষ্ট্রে ২ দফা প্রাণঘাতী ইনজেকশন, তবু বেঁচে গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য পরপর দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে গেছেন ৫০ বছর বয়সী নারী কয়েদি ক্রিস্টা পাইক। ইনজেকশনে পেন্টোবারবিটাল প্রয়োগের পরও তার মৃত্যু না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে ‘রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউশন’-এ স্থানীয় সময় বুধবার রাত ৮টার দিকে পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়। তবে পেন্টোবারবিটালের দুটি ডোজ দেওয়ার পরও ৪০ মিনিটের বেশি সময় ধরে তিনি জীবিত ছিলেন এবং স্পষ্টভাবে নাক ডাকছিলেন।

পাইকের আইনজীবীরা জরুরি পিটিশনে আদালতকে জানান, “পাইক জ্ঞান হারিয়েছেন ঠিকই, কিন্তু তার হৃৎস্পন্দন চলছে এবং তিনি সশব্দে নাক ডাকছেন।” এরপর আদালতের নির্দেশে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পাইকের আইনজীবীরা বিবিসিকে জানিয়েছেন, সেখানে তাকে “জীবনরক্ষাকারী জরুরি চিকিৎসা” দেওয়া হচ্ছে।

আইনজীবীদের আবেদনের পর ডিস্ট্রিক্ট জাজ ক্লাইফটন এল কর্কার পাইককে অবিলম্বে জরুরি চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। টেনেসির গত ২০০ বছরের ইতিহাসে কোনো নারী বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের এটি ছিল প্রথম উদ্যোগ।

ইনজেকশন প্রয়োগে বিশৃঙ্খলা, তদন্তের নির্দেশ

বিবিসির খবরে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের পুরো প্রক্রিয়াটি একপর্যায়ে বিশৃঙ্খল হয়ে পড়ে। ইনজেকশন দেওয়ার সময় পাইক কারারক্ষীদের দিকে তাকিয়ে জানতে চান, “ইনজেকশন দিলে কি এমনই লাগে?” এরপর প্রত্যক্ষদর্শীদের কক্ষের পর্দা বন্ধ করে দেওয়া হয় এবং সাংবাদিকদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়।

টেনেসির নিয়ম অনুযায়ী, প্রথম দফার প্রাণঘাতী ইনজেকশনে মৃত্যু না হলে দ্বিতীয় সেট ইনজেকশন দেওয়ার বিধান রয়েছে। তবে দ্বিতীয় দফার পরও বন্দি জীবিত থাকলে কী ব্যবস্থা নিতে হবে, সে বিষয়ে সুস্পষ্ট কোনো নিয়ম নেই।

ঘটনার পর টেনেসির গভর্নর বিল লি এক বিবৃতিতে জানান, মৃত্যুদণ্ড কার্যকরের সময় কী ঘটেছিল তা খতিয়ে দেখতে তিনি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে চলতি বছর টেনেসিতে নির্ধারিত সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছেন তিনি।

এর আগে চলতি বছরের মে মাসে টেনেসিতে তিনজনকে অপহরণ ও হত্যার দায়ে দণ্ডিত টনি ক্যারাথার্সের মৃত্যুদণ্ডও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছিল। সে সময় ইনজেকশন দেওয়ার জন্য প্রয়োজনীয় শিরা খুঁজে পাওয়া যায়নি।

তবে টেনেসির কারা বিভাগ বলেছে, তারা আইন ও নির্ধারিত নিয়ম মেনেই সব পদক্ষেপ নিয়েছে।

অন্যদিকে, পাইকের আইনি দল এক বিবৃতিতে জানিয়েছে, “টেনেসির ইনজেকশন প্রয়োগ ব্যবস্থা যে চরম গোপনীয়তায় ঘেরা এবং এতে যে মারাত্মক ত্রুটি রয়েছে, শিরার অপ্রতুলতা, শিরা ফেটে যাওয়া, নিম্নমানের কেমিক্যাল ব্যবহার ও জরুরি চিকিৎসা না থাকার মাধ্যমে তা আবারও প্রমাণিত হল।”

মস্তিষ্কে স্থায়ী ক্ষতির আশঙ্কা

পাইকের আইনি দলের চিকিৎসা বিশেষজ্ঞ ড. জোয়েল জিভোটের ভাষ্য, পাইকের রক্তে পেন্টোবারবিটালের প্রয়োজনীয় মাত্রা না পৌঁছানোয় তার শ্বাসপ্রশ্বাস বন্ধ বা হৃদযন্ত্র বিকল হয়নি।

তবে তাকে পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া শুরু হতে দেরি হওয়ায় মস্তিষ্কে স্থায়ী ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

মৃত্যুদণ্ড কার্যকরের কয়েক ঘণ্টা আগে মার্কিন সুপ্রিম কোর্ট আপিল আদালতের দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেয়। তবে বিচারপতি সোনিয়া সোতোমায়র, এলেনা কাগান ও কেতানজি ব্রাউন জ্যাকসন এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।

বিচারপতি সোতোমায়র বলেন, আদালতের এই তড়িঘড়ি সিদ্ধান্ত পাইকের আইনি যুক্তির সুষ্ঠু বিবেচনার পথ অহেতুক রুদ্ধ করেছে।

পাইকের আইনজীবীরা দাবি করেন, ছোটবেলায় তীব্র যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি বিবেচনায় না নিয়েই ১৯৯৬ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এতদিন রাজ্য সরকার এই অভিযোগকে ‘মিথ্যা’ বলে আসলেও সাম্প্রতিক শুনানিতে তারা এর সত্যতা মেনে নেয়। তবে গভর্নর বিল লি চলতি সপ্তাহে পাইকের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন।

মৃত্যুদণ্ড কার্যকরের আগে নিজের আত্মিক উপদেষ্টাকে কবি এডগার অ্যালান পোর একটি কবিতার হাতে লেখা লাইন পাঠিয়েছিলেন পাইক। আরেক চিঠিতে তিনি লিখেছিলেন, “আমি মরতে ভয় পাই না, কেবল পুরো প্রক্রিয়াটি নিয়ে কিছুটা চিন্তিত (নার্ভাস)।”

তার প্রাণভিক্ষার আবেদনে আরও লেখা ছিল, “তখন আমি মানসিক ভারসাম্যহীন ১৮ বছরের এক কিশোরী ছিলাম। আমি স্লেমায়ারকে কেবল মারধর করতে চেয়েছিলাম, খুন করতে নয়; কিন্তু আমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। আমি যে কত বড় অপরাধ করেছি, তা অনুধাবন করতে আমার বহু বছর লেগেছে।”

৩০ বছর আগের যে হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড

পাইকের মৃত্যুদণ্ড মওকুফের আহ্বান জানিয়েছিল জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। বিশেষজ্ঞদের মতে, জন্মগত মস্তিষ্কের ক্ষতি, পিটিএসডি ও বাইপোলার ডিসঅর্ডারে ভোগা পাইককে প্রায় তিন দশক ডেথ রো-তে বিচ্ছিন্ন অবস্থায় রাখা এক ধরনের বেআইনি নির্যাতন।

১৯৯৫ সালে সমস্যাগ্রস্ত তরুণদের একটি প্রশিক্ষণ শিবিরে ১৮ বছর বয়সী পাইকের সঙ্গে পরিচয় হয় কলিন স্লেমারের। প্রেমঘটিত বিরোধ ও অপমানের জেরে পাইক ও তার প্রেমিক তাদারিল শিপ মিলে টেনেসির নক্সভিলে স্লেমারকে হত্যা করেন। হত্যার পর স্লেমারের বুকে একটি উল্টো ‘পেন্টাগ্রাম’ খোদাই করা অবস্থায় পাওয়া যায়।

শিবিরের অন্য বাসিন্দারা আদালতে সাক্ষ্য দেন, হত্যার আগে ও পরে পাইক এ ঘটনা নিয়ে বড়াই করেছিলেন এবং স্লেমারের মাথার খুলির একটি টুকরো তাদের দেখিয়েছিলেন।

বিচারের সময় পাইকের প্রেমিক তাদারিল শিপের বয়স ১৭ বছর থাকায় তিনি মৃত্যুদণ্ড থেকে রেহাই পান। অন্যদিকে, ২০ বছর বয়সে মৃত্যুদণ্ড পাওয়া পাইক হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী কয়েদি।

‘ছুটির দিনগুলো সবচেয়ে কষ্টের’

প্রায় তিন দশক পর পাইকের মৃত্যুদণ্ড কার্যকর দেখার জন্য একটি স্বেচ্ছাসেবী দলের তোলা অর্থে ফ্লোরিডা থেকে টেনেসিতে যান নিহত কলিন স্লেমারের মা মে মার্টিনেজ ও তার স্বামী।

তবে প্রাণঘাতী ইনজেকশন ব্যর্থ হওয়ার পর এনবিসি নিউজকে বিষণ্ণ কণ্ঠে মার্টিনেজ বলেন, “পুরো বিষয়টি চরম বিশৃঙ্খল ও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এমন একটি দিন বা একটি মিনিট যায় না, যখন আমি কলিন স্লেমারের কথা ভাবি না। ছুটির দিনগুলো আমার জন্য সবচেয়ে কষ্টের।”

বিবিসির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নারী বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করা অত্যন্ত বিরল। ১৯৭৬ সালে মৃত্যুদণ্ড পুনর্বহাল হওয়ার পর দেশটিতে ১ হাজার ৬৬৩ জন পুরুষের বিপরীতে মাত্র ১৮ জন নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। মোট মৃত্যুদণ্ড কার্যকরের হিসাবে নারীদের সংখ্যা ১ শতাংশের কাছাকাছি।