শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

দীর্ঘ বৈরিতার পর নতুন মোড় নিচ্ছে ভারতে-বিএনপি সম্পর্ক

দীর্ঘ বৈরিতার পর নতুন মোড় নিচ্ছে ভারতে-বিএনপি সম্পর্ক

দীর্ঘ বৈরিতার পর নতুন মোড় নিচ্ছে ভারতে-বিএনপি সম্পর্ক

ভারতের সাথে ঐতিহাসিকভাবে বিএনপির কূটনৈতিক টানাপোড়েনের ইতিহাস সবারই জানা, বাংলাদেশের রাজনীতিতে অনেকটা প্রকাশ্যেই আলোচনা হয়েছে আওয়ামীলীগের ভারতের সাথে ঘনিষ্ঠতা এবং বিএনপির পররাষ্ট্র নীতিতে পাকিস্তানকে অগ্রাধিকার দেওয়ার ঘটনা। বিশেষ করে বিএনপির ২০০১-২০০৬ সালের শাসনামলে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে অবস্থান, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনাসহ বিভিন্ন ইস্যুতে নতুন করে বিএনপির সাথে কূটনৈতিক দূরত্ব তৈরি হয় দেশটির। শেখ হাসিনার পতন, তারেক রহমানের ১৭ বছর পর স্বদেশে রাজকীয় প্রত্যাবর্তন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের রাজনীতির নতুন বাস্তবতায় বিএনপি-ভারতের কূটনৈতিক অবস্থান নতুন মোড় নিয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির জ্যেষ্ঠ নেতা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। একই দিনে তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরাও পৃথকভাবে সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে হুমায়ুন কবির জানান, তারেক রহমানের রাজনৈতিক প্রত্যাবর্তনকে ঘিরে আন্তর্জাতিক পরিসরে কৌতূহল ও আগ্রহ লক্ষণীয়ভাবে বেড়েছে। সেই আগ্রহের অংশ হিসেবেই ভারতের হাইকমিশনারসহ তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরা মতবিনিময়ে অংশ নেন। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্র পরিচালনার রূপরেখা কী হবে এবং ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক কোন পথে এগোবে—এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, “ভারতের সাথে কী সম্পর্ক হবে সেটা ভারতের প্রধানমন্ত্রীর শোকবার্তাতেই স্পষ্ট লেখা আছে। যেখানে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হবে। চ্যালেঞ্জ আছে, সেটা অ্যাড্রেস করে শান্তি ও নিরাপত্তা স্থাপনে প্রণয় ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে। শুভেচ্ছা সাক্ষাৎ হয়েছে, খুব বেশি বিস্তারিত আলোচনা হয়নি।”

তিনি আরও জানান, বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিকভাবে এ ধরনের বৈঠক অব্যাহত থাকবে। ইতোমধ্যে আরও অনেক বিদেশি প্রতিনিধির সৌজন্য সাক্ষাতের আগ্রহ প্রকাশ পেয়েছে, যা পর্যায়ক্রমে আয়োজন করা হবে।