ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আগামী ১৪ মার্চ শনিবার থেকে সারা দেশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসন্ন বর্ষা মৌসুমের আগেই এডিস মশার প্রজনন উৎস ধ্বংস করতে প্রতি সপ্তাহে এই কর্মসূচি পালিত হবে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করেন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এখন আর ডেঙ্গু নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই, বরং বছরজুড়েই এর ঝুঁকি থাকছে। বিশেষ করে বৃষ্টির পানি জমে থাকা স্থানে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে। তাই ড্রেন, নর্দমা বা ডোবার মতো স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখাই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বাড়ির ছাদে, ফুলের টব, টায়ার, বালতি বা ড্রামে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাড়ির চারপাশ পরিষ্কার করার পরামর্শ দেন তিনি। তারেক রহমান সরকারের ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ব্যক্তিগত সচেতনতাই পারে এই মরণঘাতী রোগ থেকে সবাইকে সুরক্ষা দিতে।
এই অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সংসদ সদস্য ও সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতি শনিবার জনগণকে সাথে নিয়ে নিজ নিজ এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। নিয়মিত এই অভিযান অব্যাহত থাকলে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে জনগণকে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।