দেশে ন্যূনতম মজুরি নীতিগতভাবে থাকলেও একটি অভিন্ন ও মানসম্মত জাতীয় কাঠামো এখনো গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আজ থেকে ১৩০ বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক ন্যূনতম মজুরির কথা বলেছিলেন। তিনিই এটি প্রথম বলেছিলেন। এরপর অনেক শ্রমিক আন্দোলন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে; গোটা বিশ্বে এটি হয়েছে। কিন্তু বাংলাদেশে ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস এখনো নির্ণীত হয়নি। আজকেই আমি খবরের কাগজেও এটি পড়েছি।’
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিয়েছেন এবং তার স্ত্রীকে গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি বলেছেন আমি শ্রমিকের স্ত্রী।’ রিজভীর মতে, শ্রমিক পরিবারের সদস্য তারেক রহমান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। দেশে ন্যূনতম মজুরি থাকলেও এখনো একটি মানসম্মত জাতীয় কাঠামো গড়ে ওঠেনি। পাশাপাশি লেবার কোর্ট ও ট্রাইব্যুনালে প্রায় ২৭ হাজার ৫০০ শ্রমিক মামলা ঝুলে আছে, যার কার্যকর সমাধান হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি প্রশ্ন তোলেন, শ্রমিকরা মামলা পরিচালনা করবে নাকি কলকারখানায় কাজ করবে। শ্রমিকদের ঘাম, শ্রম ও রক্তেই সভ্যতার অগ্রগতি হয় উল্লেখ করে ন্যূনতম মজুরি নিশ্চিত করার দাবি জানান তিনি।
বন্ধ জুট মিল প্রসঙ্গে রিজভী বলেন, জাতীয় নীতির আলোকে বন্ধ থাকা জুট মিলগুলো পুনরায় চালু করার সম্ভাবনা যাচাই করা উচিত। এতে লাখ লাখ শ্রমিক দেশে কাজের সুযোগ পাবে এবং দেশের সম্পদ কাজে লাগিয়ে শিল্প খাত পুনরুজ্জীবিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদমজী জুট মিলের সামনে ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র করেছিলেন এবং গাজীপুরে ৮০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র করেছিলেন। এগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে শেখ হাসিনার আমলে বন্ধ করে দেওয়া হয়েছিল। আত্মীয়-স্বজনকে বেশি টাকায় কুইক রেন্টাল করার সুযোগ দিতেই এসব সরকারি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হয়েছিল। আমার বিশ্বাস, আমাদের প্রধানমন্ত্রী এসব বিষয় দেখবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।’