নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ধানের শীষে ভোট না দিলে ‘রেহাই নেই’—এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ হওয়ার পরই সমালোচনার ঝড় ওঠেছে।
ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতা নিজাম উদ্দিন গত শুক্রবার বিকেলে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে বলেন, “এখানে ১৬০৮ ভোট রয়েছে, এখান থেকে ২০০ ভোটও যদি বাইরে যায়, আমরা মার্ক করে ফেলেছি। আমরা ধরতে পারব, কে কে অন্য মার্কায় ভোট দিয়েছেন। আমাদের কারও কাছে যাওয়া লাগবে না, আপনাদের পেছনে আমাদের গোয়েন্দা লাগানো আছে। আল্লাহর কসম করে বলতেছি, আপনারা এখন আমাদের সঙ্গে ধানের শীষের ছায়াতলে আসেন। যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই, এখান থেকে অন্য মার্কার কেউ বেইমানি করেছে, ১০-২০-৫০ ভোট অন্য মার্কায় পড়েছে, কোনো রেহাই নাই।”
মুঠোফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও অসন্তোষ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
ভিডিওতে দেখা যায়, বক্তব্যকালে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাহের, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, যুবদল আহ্বায়ক বাবুল আহমেদ, যুবদল নেতা রাকিব হোসেন, স্বেচ্ছাসেবক পার্টি থেকে পদত্যাগী আহ্বায়ক ওমর ফারুক টিটু এবং তার ভাই ওসমান গণি রিতু প্রমুখ।
মুঠোফোনে নিজের বক্তব্য প্রসঙ্গে সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন বলেছেন, “আমি ওই দিন আত্মীয়দের নিয়ে একটি উঠান বৈঠক আয়োজন করেছি। কিছু আত্মীয় প্রকাশ্যে বিএনপি প্রার্থীর পক্ষে থাকলেও গোপনে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছিল। মূলত তাদের বোঝানোর জন্য আমি ওই বক্তব্য দিয়েছি। আমি কোনো সাধারণ ভোটারকে হুমকি–ধামকির উদ্দেশ্যে বলিনি। যাদের বলেছি, তারা সবাই আমার আত্মীয়স্বজন।”
জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, “কোনো প্রার্থীর পক্ষে ভোটারদের হুমকি বা চাপ দেওয়া আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”