মঙ্গলবার, 17 নভেম্বর 2026
সকল বিভাগ

ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ, রবিসহ ৪ প্রতিষ্ঠান

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে আবেদন গ্রহণ করেছিল বাংলাদেশ ব্যাংক। সে সময় মোট ১৩টি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করে। এসব প্রতিষ্ঠানের মালিকানা বা উদ্যোক্তাদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী, ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থা, মোবাইল অপারেটর এবং মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান যুক্ত ছিল।

ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ, রবিসহ ৪ প্রতিষ্ঠান

দেশে চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য প্রাথমিক অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর পরবর্তী ধাপে এসব ব্যাংকের অনুকূলে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়া হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে ব্যাংকগুলো কার্যক্রম শুরু করতে পারবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রাথমিক অনুমোদনের জন্য নির্বাচিত চারটি ব্যাংক হলো— ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, বিকাশ ডিজিটাল ব্যাংক, নোভা ডিজিটাল ব্যাংক ও বুস্ট ডিজিটাল ব্যাংক।

ডিজিটাল ব্যাংকিং অব ভুটানের উদ্যোক্তা ভুটানের ডিকে ব্যাংক। বিকাশ ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা বিকাশের শেয়ারধারীরা। নোভা ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার গ্রুপ। আর বুস্ট ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা মোবাইল অপারেটর রবি আজিয়াটার মূল প্রতিষ্ঠান আজিয়াটা লিমিটেড।

এর পাশাপাশি আগে থেকেই প্রাথমিক অনুমোদন পাওয়া কড়ি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে আবেদন গ্রহণ করেছিল বাংলাদেশ ব্যাংক। সে সময় মোট ১৩টি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করে। এসব প্রতিষ্ঠানের মালিকানা বা উদ্যোক্তাদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী, ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থা, মোবাইল অপারেটর এবং মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান যুক্ত ছিল।

বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন গ্রহণ করে। তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভসহ নানা কারণে অন্তর্বর্তী সরকারের সময়ে এসব আবেদনের বিষয়ে অনুমোদন দেওয়া হয়নি। সে সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আহসান এইচ মনসুর।

পরে বিএনপি সরকার গঠনের পর আহসান এইচ মনসুরকে গভর্নরের পদ থেকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য নতুন করে আর কোনো আবেদন নেওয়া হয়নি। আগের সময়ে জমা পড়া আবেদনগুলোর মধ্য থেকেই চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের কার্যক্রম শুরুর বিষয়ে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।