শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

দিল্লির রাজপথে জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে ব্যাপক সংঘর্ষ ও পুলিশি অভিযানের ঘটনা ঘটেছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজারো আন্দোলনকারী রাজপথে নামলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের টিয়ার গ্যাস ও দমন অভিযানে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

দিল্লির রাজপথে জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে ব্যাপক সংঘর্ষ ও পুলিশি অভিযানের ঘটনা ঘটেছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজারো আন্দোলনকারী রাজপথে নামলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের টিয়ার গ্যাস ও দমন অভিযানে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার রাজধানীর পার্লামেন্ট স্ট্রিট ও ঐতিহাসিক কনট প্লেস এলাকা বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সংঘর্ষের পর সড়কে রক্তের দাগ, উল্টে থাকা ব্যারিকেড, ভাঙা কাচ, ছড়িয়ে থাকা স্যান্ডেল, স্কার্ফ, ভাঙা চশমা ও ছেঁড়া পোশাকের মতো দৃশ্য পুরো ঘটনার সাক্ষী হয়ে থাকে।

আন্দোলনকারীদের একটি বড় অংশ পার্লামেন্ট ভবনের খুব কাছাকাছি পৌঁছে গেলেও পুলিশের টিয়ার গ্যাসের মুখে পিছু হটতে বাধ্য হয়। এ ঘটনায় ১০০ জনের বেশি শিক্ষার্থী আহত হন।

১৮ বছর বয়সী আন্দোলনকারী অংশুল দেব বলেন, “আমি এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমি দিল্লিতে আছি।”

তিনি আরও বলেন, “আমাদের অভিভাবকরা যে সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন, তারা আমাদের সাথে সন্ত্রাসী ও অপরাধীদের মতো আচরণ করছে। এটি আমাদের দেশ, এবং তাদের বিদ্বেষমূলক রাজনীতি থেকে আমরা আমাদের দেশকে মুক্ত করছি। আমরা এই মোহ ভেঙে দিতে এখানে এসেছি।”

বিশ্লেষকদের মতে, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা জালিয়াতির ঘটনায় লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ায় গত দুই মাস ধরে ভারতের তরুণদের মধ্যে ক্ষোভ জমে উঠছিল। কোথাও প্রশ্নপত্র ফাঁস, কোথাও ভুল মূল্যায়নের অভিযোগ সামনে আসে। এসব ঘটনার জেরে অন্তত ২০ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সোমবার পার্লামেন্টে তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।

মঙ্গলবার বিকেলে কংগ্রেস নেতা ও ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে অবস্থান নেন। এ সময় অন্যান্য সংসদ সদস্যরাও তার সঙ্গে যোগ দেন এবং আন্দোলনের প্রতি সমর্থন জানান।

বিশ্লেষকদের মতে, সরকারের কাছ থেকে দাবি আদায় শিক্ষার্থীদের জন্য কঠিন হলেও, আন্দোলন দমন ও জবাবদিহিতার অভাব নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দীর্ঘদিনের সমালোচনাকে আরও জোরালো করেছে।

লেখক ও নরেন্দ্র মোদীর জীবনীকার নিলঞ্জন মুখোপাধ্যায় বলেন, “এত বিপুলসংখ্যক আন্দোলনকারীর উপস্থিতি নিজে থেকেই প্রধানমন্ত্রীর জন্য একটি বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত মোদি আন্দোলনকারীদের কোনো ছাড় না দিয়ে নিজেকে কঠোর ও অটল মনোভাবের নেতা হিসেবে জাহির করার চিরাচরিত কৌশলই বেছে নিয়েছেন।”

২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা মোদী সম্পর্কে তিনি আরও বলেন, “ভোটব্যাংকে টান না পড়া পর্যন্ত মোদি কোনো প্রতিবাদ গুঁড়িয়ে দিতে বা ব্রুট ফোর্স (পশুবল) প্রয়োগ করতে দ্বিধা করেন না।”

এছাড়া তিনি বলেন, “তারা তাদের পুরোনো দমন-পীড়নের পথেই হাঁটবে। তরুণদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং সরকারবিরোধী হাওয়া থাকা সত্ত্বেও মোদি এই আন্দোলন থেকে নিজেকে পরাজিত হিসেবে তুলে ধরতে চাইবেন না।”

সূত্র: আল-জাজিরা