দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যায়ের নতুন মোড় নিতে যাচ্ছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খুব শিগগিরই পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে সিলেটের বিমানবন্দর এলাকার একটি অভিজাত হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে দু–এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হবে।
মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছাড়াও সিলেটের বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে ঘিরে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে এবং নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপির কোনো উদ্বেগ নেই। তিনি উল্লেখ করেন, ১৫ বছর পর দেশের মানুষ প্রথমবারের মতো প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, যা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।
সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ অপরিহার্য বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, মবের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে। তাই মবোক্রেসির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অন্তর্বর্তী সরকার সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এই সরকার বেশ কিছু প্রশংসনীয় সংস্কার উদ্যোগ নিয়েছে। তবে তিনি মন্তব্য করেন, সরকার বর্তমানে কার্যত একটি কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করছে।