শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

দুবাইয়ে নির্মাণ করা হবে ‘সোনা দিয়ে তৈরি’ বিশ্বের প্রথম সড়ক

বিশ্বে এই প্রথম সোনায় মোড়ানো সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের আলোচিত গোল্ড ডিস্ট্রিক্টে ‘গোল্ড স্ট্রিট’ নামে এই ব্যতিক্রমী সড়ক তৈরি করা হবে, যা স্বর্ণবাণিজ্যের বৈশ্বিক কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে আরও দৃঢ় করবে।

দুবাইয়ে নির্মাণ করা হবে ‘সোনা দিয়ে তৈরি’ বিশ্বের প্রথম সড়ক
এআই নির্মিত ছবি

বিশ্বে এই প্রথম সোনায় মোড়ানো সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের আলোচিত গোল্ড ডিস্ট্রিক্টে ‘গোল্ড স্ট্রিট’ নামে এই ব্যতিক্রমী সড়ক তৈরি করা হবে, যা স্বর্ণবাণিজ্যের বৈশ্বিক কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে আরও দৃঢ় করবে।

ইথরা দুবাই আনুষ্ঠানিকভাবে আমিরাতের গোল্ড ডিস্ট্রিক্ট চালুর ঘোষণা দেওয়ার সময় এই তথ্য জানায়। তবে প্রকল্পটির নকশা, ব্যয় ও বাস্তবায়নসংক্রান্ত বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩ দশমিক ৪১ বিলিয়ন ডলার মূল্যের সোনা রপ্তানি করেছে। এই সময়ে দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদার ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। বাস্তব সোনা কেনাবেচা বা ‘ফিজিক্যাল গোল্ড’ লেনদেনের ক্ষেত্রে আমিরাত ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য।

নতুনভাবে গড়ে উঠতে থাকা দুবাই গোল্ড ডিস্ট্রিক্টকে ‘হোম অফ গোল্ড’ বা ‘স্বর্ণের আবাস’ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ। এখানে স্বর্ণ ও অলংকার সংশ্লিষ্ট সব কার্যক্রম এক ছাদের নিচে আনা হচ্ছে। এর মধ্যে থাকবে খুচরা বিক্রি, বুলিয়ন মার্কেট (স্বর্ণ, রুপা ও প্লাটিনামের মতো মূল্যবান ধাতুর বাজার), পাইকারি বাণিজ্য এবং বিনিয়োগ কার্যক্রম।

বর্তমানে দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে সুগন্ধি, প্রসাধনী, স্বর্ণ ও লাইফস্টাইল খাতের এক হাজারেরও বেশি খুচরা বিক্রেতা কার্যক্রম পরিচালনা করছে। জাওহারা জুয়েলারি, মালবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল–রোমাইজান ও তানিশক জুয়েলারির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডের শোরুমও সেখানে রয়েছে।

এ ছাড়া গয়নার ব্র্যান্ড জয়–আলুক্কাস ২৪ হাজার বর্গফুট আয়তনের একটি বিশাল শোরুম স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে, যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় গয়নার শোরুম হতে যাচ্ছে।

ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইসাম গালাদারি বলেন, দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ‘ঐতিহ্য, বিশালতা এবং সুযোগকে একত্রিত করেছে’।

অন্যদিকে দুবাই ডিপার্টমেন্ট অফ ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের (ডিইটি) অধীন দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাবলিশমেন্টের (ডিএফআরই) সিইও আহমেদ আল খাজা বলেন, ‘স্বর্ণ দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কাঠামোর সঙ্গে গভীরভাবে মিশে আছে। এটি আমাদের ঐতিহ্য, সমৃদ্ধি এবং উদ্যোগের স্থায়ী চেতনার প্রতীক।’

তিনি আরও বলেন, ‘এই যুগান্তকারী গন্তব্যের মাধ্যমে আমরা শুধু সেই ঐতিহ্যই উদযাপন করছি না, বরং সৃজনশীলতা ও স্থায়িত্বের ভিত্তিতে এক নতুন যুগের জন্য সেটিকে নতুনভাবে গড়ে তুলছি।’