শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

প্রায় ২০ বছর পর বরিশাল সফরের প্রস্তুতি নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুরে বরিশাল নগরীর বেলস পার্কে একটি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

প্রায় ২০ বছর পর বরিশাল সফরের প্রস্তুতি নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুরে বরিশাল নগরীর বেলস পার্কে একটি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, তারেক রহমানের বরিশাল সফরের সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায় থেকেই নেওয়া হয়েছে। তিনি বলেন, গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে বরিশাল সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে সঙ্গে নিয়ে গুলশান কার্যালয়ে গেলে দলীয় নেতা বরিশাল সফরের আয়োজন করতে নির্দেশ দেন।

আকন কুদ্দুসুর রহমান আরও বলেন, “প্রায় ২০ বছর পর নেতাকে বরিশালে বরণ করতে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে প্রস্তুতি সভা ডাকা হয়েছে। সভায় বরিশাল বিভাগের সংসদীয় ২১টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা, জেলা, মহানগর এবং উপজেলা বিএনপির সুপার ফাইভ নেতারা অংশ নেবেন।”

তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভাকে সফল করতে স্থানীয় পর্যায়ে নানা প্রস্তুতি শুরু হয়েছে। বেলস পার্কের জনসভাকে বড় সমাবেশে রূপ দিতে সাংগঠনিক নির্দেশনাও দেওয়া হচ্ছে।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, “নির্দেশনা আসার সাথে সাথে আমরা কাজ শুরু করেছি। নেতাকে বরণ করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছি। দিনটি আমাদের জন্য ঐতিহাসিক। তার জনসভা জনসমুদ্রে পরিণত হবে।”

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে একটি কর্মিসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।