মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

দুর্নীতি ঠেকাতে সব সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি ক্যামেরা বসাতে হাইকোর্টের রুল

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়ম রোধে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সিসিটিভি ক্যামেরা ও পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনের নির্দেশনা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

দুর্নীতি ঠেকাতে সব সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি ক্যামেরা বসাতে হাইকোর্টের রুল
দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়ম রোধে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সিসিটিভি ক্যামেরা ও পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনের নির্দেশনা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই রুল দেন।

রুলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে (আইজিআর) জবাব দিতে বলা হয়েছে। আদালত জানতে চেয়েছেন, দেশের নিবন্ধন অধিদপ্তরের আওতাধীন সব সাব-রেজিস্ট্রার অফিসে অবিলম্বে হাই-ডেফিনিশন (এইচডি) সিসিটিভি ক্যামেরা ও পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনের পদক্ষেপ না নেওয়াকে কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।

একই সঙ্গে রিটে সেবা কার্যক্রমের ডিজিটালাইজেশন তদারকির জন্য একটি বিশেষ কমিটি গঠন এবং সব সাব-রেজিস্ট্রি অফিসে ২৪ ঘণ্টা কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন সরোয়ার জনস্বার্থে এই রিট আবেদন করেন। এর আগে গত ২৬ এপ্রিল তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। নির্ধারিত সাত দিনের মধ্যে কোনো জবাব না পাওয়ায় তিনি হাইকোর্টের শরণাপন্ন হন।

রিটে বলা হয়, সাভার সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসাইনের ব্যক্তিগত উদ্যোগে অফিসে সিসিটিভি স্থাপনের খবর থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এই পদক্ষেপ নেন।

রিটকারী আরও জানান, সাভারের ওই অফিসে গিয়ে তিনি দেখেছেন, সিসিটিভি মনিটর সাধারণ মানুষের দেখার সুবিধার্থে বাইরে স্থাপন করা হয়েছে। একই ধরনের ব্যবস্থা সারাদেশে চালু করা গেলে সেবাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে বলে তিনি মনে করেন।