ডার্ক ওয়েবে অন্তত ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর সিভি বিক্রির বিজ্ঞাপন দেওয়ার দাবি করেছে ‘মাদারাক্স’ নামে একটি হ্যাকার গ্রুপ। এসব তথ্য চাকরি খোঁজার প্ল্যাটফর্ম বিডিজবস থেকে সংগ্রহ করা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য চুরির এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে বিডিজবস।
গত রোববার ডার্ক ওয়েবের একটি ফোরামে ওই বিজ্ঞাপন প্রকাশ করে হ্যাকার গ্রুপটি। তাদের দাবি, প্রকাশ করা ডেটাসেটে চাকরিপ্রার্থীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, ইমেইল, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা ও প্রশিক্ষণসহ বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত তথ্য রয়েছে।
পুরো ডেটাসেটের জন্য ১ হাজার ডলার মূল্য নির্ধারণ করেছে হ্যাকাররা। বিজ্ঞাপনে বলা হয়েছে, সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে এসব তথ্য বিক্রি করা হবে। অর্থ লেনদেনের জন্য পেটিএম, ওয়াইজ, পে-ইউ ও বিন্যান্স ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।
তবে ডেটাগুলো বিডিজবস থেকে নেওয়া হয়েছে—হ্যাকারদের এমন দাবি নাকচ করেছে প্রতিষ্ঠানটি। এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিডিজবস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে।
প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তাদের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহারকারীর প্রোফাইল কারা দেখতে পারবেন, সেই বিষয়টি নির্ধারণের সুযোগও ব্যবহারকারীর নিজের রয়েছে।
বিডিজবস আরও জানিয়েছে, নিবন্ধিত নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের অ্যাকাউন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের তথ্য দেখতে পারে। তবে কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রির চেষ্টা করলে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের ভেরিফাই না করে কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে বিডিজবস। ফলে ডার্ক ওয়েবে ৬০ লাখ চাকরিপ্রার্থীর তথ্য বিক্রির দাবিটি নিয়ে একদিকে যেমন উদ্বেগ তৈরি হয়েছে, অন্যদিকে তথ্যগুলো আসলে কোথা থেকে এসেছে, তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে।