শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় সুইজারল্যান্ড

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের বিমানসেবা ও সামগ্রিক গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার দৌড়ে যুক্তরাজ্য এবং তুরস্কের পর এবার নাম লেখাল সুইজারল্যান্ড।

এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় সুইজারল্যান্ড
ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের বিমানসেবা ও সামগ্রিক গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার দৌড়ে যুক্তরাজ্য এবং তুরস্কের পর এবার নাম লেখাল সুইজারল্যান্ড। ইউরোপের এই দেশটি বাংলাদেশের প্রধান বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের গভীর আগ্রহের কথা প্রকাশ করেছে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। এই সৌজন্য সাক্ষাৎকালেই তিনি সুইস সরকারের পক্ষে এই আগ্রহের বার্তা পৌঁছে দেন। আলোচনার সময় দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত, কার্যকর এবং বহুমুখী করার ওপর বিশেষভাবে জোর দেন।

সাক্ষাতকালে রাষ্ট্রদূত উল্লেখ করেন, সুইজারল্যান্ড বাংলাদেশের এভিয়েশন শিল্পের উন্নয়নে যৌথ অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী। এরই ধারাবাহিকতায় তিনি বিশ্বখ্যাত সুইস প্রতিষ্ঠান সুইসপোর্ট-এর মাধ্যমে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব নেওয়ার ব্যাপারে প্রাতিষ্ঠানিক আগ্রহের কথা তুলে ধরেন।

সুইস রাষ্ট্রদূতের এই প্রস্তাবের প্রেক্ষিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তাদের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তারা সুইসপোর্ট কর্তৃপক্ষকে এই কাজের জন্য একটি আনুষ্ঠানিক ও লিখিত প্রস্তাবনা জমা দেওয়ার পরামর্শ দেন। একই সাথে উপযুক্ত প্রস্তাব পেলে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলেও তারা আশ্বস্ত করেন। এর আগে একই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কাজের ব্যাপারে ব্রিটেন ও তুরস্কের পক্ষ থেকেও অনুরূপ আগ্রহ দেখানো হয়েছিল।