ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সমস্যা নিরসনে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতকরণ ও তিন দফা দাবি আদায়ে কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ডাকসু নেতৃবৃন্দ এই অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা আবাসন সংকটের স্থায়ী সমাধান এবং সিট বণ্টনে স্বচ্ছ নীতিমালা প্রণয়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচি শেষে ডাকসুর একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। আলোচনা শেষে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ গণমাধ্যমকর্মীদের জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীদের শুরুতেই বৈধ সিটের ব্যবস্থা করা, সেশনজট কাটিয়ে ওঠা এবং বারবার মাস্টার্স পরীক্ষায় রি-অ্যাডমিশন নিয়ে হলে অবস্থান করার সংস্কৃতি বন্ধ করতেই তারা একটি আধুনিক সিট নীতিমালার দাবি জানিয়ে আসছেন।
এস এম ফরহাদ অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর আগে ৩০ এপ্রিলের মধ্যে হলভিত্তিক সিটের হালনাগাদ তথ্য এবং নীতিমালা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ডাকসু এখন পর্যন্ত সেই তালিকা বা চূড়ান্ত নীতিমালা হাতে পায়নি।
প্রশাসনের সঙ্গে আলোচনায় ডাকসুর পক্ষ থেকে দেওয়া প্রস্তাবনার বিষয়ে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর জন্য সেশনভিত্তিক সিট ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। এছাড়া যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে বা যারা বারবার রি-অ্যাডমিশন নিয়ে সিট দখল করে রাখছেন, তাদের হল ছাড়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে পড়াশোনা শেষে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর প্রথা চালু এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো: সকল হলের জন্য একটি স্বচ্ছ ও সর্বজনগ্রাহ্য সিট নীতিমালা প্রণয়ন করা; প্রণীত নীতিমালার ভিত্তিতে অবৈধভাবে অবস্থানকারীদের সিট বাতিল করা এবং শুধুমাত্র নিয়মিত ও বৈধ শিক্ষার্থীদের হলে অবস্থান নিশ্চিত করা। ডাকসু নেতৃবৃন্দ হুশিয়ারি দেন যে, শিক্ষার্থীদের নায্য আবাসন অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন।