বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে এক লাখ কর্মী নিয়োগের বড় উদ্যোগ নিয়েছে সরকার।

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে এক লাখ কর্মী নিয়োগের বড় উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এই তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, দেশের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং চিকিৎসা সেবায় ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এই বিশাল জনবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, চিকিৎসা খাতে বিদ্যমান শূন্যপদগুলো পূরণ করে নাগরিক সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং পর্যায়ক্রমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সংসদে দেওয়া বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বিগত সময়ে বিভিন্ন বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, ৪৮তম বিসিএসের আওতায় ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন ও ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ পেয়েছেন। এছাড়া ৪৪তম বিসিএসে ১৮ জন সহকারী সার্জন ও ২২ জন ডেন্টাল সার্জন এবং ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জনকে স্বাস্থ্য ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রী মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদাহরণ টেনে তৃণমূল পর্যায়ের জনবল সংকটের চিত্র তুলে ধরেন। সেখানে ১৯৬টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে ১৩৮ জন কর্মরত আছেন এবং ৫৮টি পদ খালি রয়েছে। বিশেষ করে প্রথম থেকে নবম গ্রেডের চিকিৎসকদের ৩১টি পদের মধ্যে ১০টি এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের ২৭টি পদের মধ্যে ১২টি পদ এখনো শূন্য। তবে নার্সদের ক্ষেত্রে ৩৬টি পদের বিপরীতে ৩৫ জনই কর্মরত আছেন। মন্ত্রী আশ্বস্ত করেন যে, সারা দেশের এই শূন্য পদগুলো পূরণে নিয়োগ ও পদায়ন কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুতই সব ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হবে।