গবেষণা, জ্ঞানচর্চা এবং গঠনমূলক বুদ্ধিবৃত্তিক আলোচনাকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আল-উম্মাহ’ জার্নাল ও ওয়েবসাইট। আল-উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়।
রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান বিশ্বের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সব ধরনের চিন্তা ও মতাদর্শের মেলবন্ধন ও পারস্পরিক আদান-প্রদান অত্যন্ত জরুরি। কোনো একটি নির্দিষ্ট চিন্তাধারা বা দর্শনের একক প্রভাব কখনোই সংকটের স্থায়ী সমাধান আনতে পারে না।
তথ্যমন্ত্রী আরও বলেন, প্রত্যেকেরই নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত এবং পরস্পরের চিন্তাভাবনার এই আদান-প্রদানের মাধ্যমেই দেশ, অঞ্চল তথা বিশ্ববাসী কল্যাণের সঠিক পথ খুঁজে পাবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে সব মতের সুস্থ বিনিময়ের পরিবেশ নিশ্চিত করা আবশ্যক। আল-উম্মাহ ফাউন্ডেশন এই মহৎ উদ্দেশ্যকে ধারণ করে কাজ শুরু করায় তিনি এই উদ্যোগের প্রতি সংহতি জানান।
ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি, বিভাজন এবং অগভীর আলোচনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সময়ে নৈতিকতা, গভীর জ্ঞান ও দায়িত্বশীলতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা নির্ভরযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগের কোনো বিকল্প নেই। এই পরিস্থিতিতে আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইটটি গভীর গবেষণা এবং জ্ঞানভিত্তিক আলোচনার একটি বিশ্বস্ত মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ইয়াসিন আকতাই বলেন, মুসলিম বিশ্বের একটি ঐতিহ্যবাহী বুদ্ধিবৃত্তিক ইতিহাস রয়েছে, তবে বর্তমান বৈশ্বিক বাস্তবতার আলোকে সেই জ্ঞানচর্চাকে আরও আধুনিক ও বেগবান করা প্রয়োজন। আল-উম্মাহ সারা বিশ্বের গবেষক ও তরুণ সমাজকে একটি সুতোয় বাঁধার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর মাধ্যম হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেনের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।