শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

একটি দল ভোট শুরুর আগেই কেন্দ্র দখলের পরিকল্পনা করছে: ব্যারিস্টার ফুয়াদ

ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কখনোই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না—এমন আশঙ্কার কথা জানিয়েছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

একটি দল ভোট শুরুর আগেই কেন্দ্র দখলের পরিকল্পনা করছে: ব্যারিস্টার ফুয়াদ
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ।

ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কখনোই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না—এমন আশঙ্কার কথা জানিয়েছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকায় জোটের নেতাকর্মীদের নিয়ে নির্বাচন আচরণবিধি বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়ম ও নিরাপত্তা ঝুঁকির বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হয়েছে। এমনকি নির্বাচন কমিশনের দৃষ্টিও আকর্ষণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দৃশ্যমান কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না। তার অভিযোগ, প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

তিনি আরও দাবি করেন, ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কেন্দ্র দখলের পরিকল্পনা করছে—এমন তথ্য তাদের কাছে রয়েছে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি কয়েকটি কেন্দ্রে অস্ত্রের মহড়ার প্রস্তুতির তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করেন ব্যারিস্টার ফুয়াদ।

অতীত নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ২০০১ সালের পর দেশে প্রকৃত অর্থে কোনো ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অথচ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচন হবে ঈদের আনন্দের মতো। কিন্তু ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে এবং আগেই কেন্দ্র দখলের পরিকল্পনা থাকলে সে ধরনের নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং ভোটকেন্দ্র দখলের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে প্রশাসনের কাছে তথ্য রয়েছে। স্থানীয় পর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ ক্ষমতা আইন বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বল্পমেয়াদি আটক নিশ্চিত করা গেলে সহিংসতা ও কেন্দ্র দখলের প্রবণতা অনেকটাই কমানো সম্ভব বলে তিনি মনে করেন।

নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে এবি পার্টির এই নেতা বলেন, জোটের নেতাকর্মীদের নিয়মিত নির্বাচন আচরণবিধি বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা করা হচ্ছে। কোন ধরনের প্রচারণা আইনসম্মত আর কোনটি নয়—সে বিষয়ে মাঠপর্যায়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে।

এ সময় তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের নামে ও বেনামে ব্যানার-পোস্টার ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছেন। এসব অনিয়মের বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

শেষে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই অনিয়মগুলো বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচনের ওপর মানুষের আস্থা তৈরি হবে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং আইনের সমান প্রয়োগ জরুরি।

সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, বরিশাল জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. শাহাদাত হোসেন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. সৌরভ সরদার, এবি পার্টির জেলা সদস্যসচিব ইঞ্জিনিয়ার জি এম রাব্বি, যুগ্ম-আহ্বায়ক মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার, যুগ্ম সদস্যসচিব ডা. তানভীর আহমেদসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।