সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

এনসিপিতে বড় পদ পেতে যাচ্ছেন ইসহাক সরকার

বিএনপির বহিষ্কৃত নেতা ও ছাত্রদল-যুবদলের সাবেক তুখোড় সংগঠক ইসহাক সরকার নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কয়েক হাজার নেতাকর্মীসহ আনুষ্ঠানিকভাবে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করবেন।

এনসিপিতে বড় পদ পেতে যাচ্ছেন ইসহাক সরকার
ছবি : সংগৃহীত

বিএনপির বহিষ্কৃত নেতা ও ছাত্রদল-যুবদলের সাবেক তুখোড় সংগঠক ইসহাক সরকার নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কয়েক হাজার নেতাকর্মীসহ আনুষ্ঠানিকভাবে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করবেন।

এনসিপি দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনে যোগ দেওয়ার পরপরই তাকে বড় দায়িত্ব দেওয়া হচ্ছে। ইসহাক সরকারকে দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই লক্ষ্যে বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। গণমাধ্যমকে তিনি জানান, রাজধানীতে এনসিপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ইসহাক সরকারের মতো নেতার প্রয়োজন রয়েছে।

নিজের রাজনৈতিক মতাদর্শ পরিবর্তন প্রসঙ্গে ইসহাক সরকার জানান, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যে আদর্শ নিয়ে তিনি রাজনীতি শুরু করেছিলেন, বর্তমানে বিএনপিতে সেই আদর্শের অনুপস্থিতি দেখছেন তিনি। বরং এনসিপির মধ্যেই সেই প্রকৃত আদর্শ খুঁজে পাওয়ায় তিনি দলটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, ইসহাক সরকার ছাত্রদল ও যুবদল—উভয় সংগঠনেরই সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত সরকারের আমলে প্রায় তিন শতাধিক মামলার আসামি হয়ে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। এর মধ্যে দুটি নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত হলেও গত নভেম্বরে আদালত তাকে খালাস প্রদান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।

ইসহাক সরকারের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিজিটাল ভয়েস’ খ্যাত নূরুজ্জামান কাফি। এ ছাড়া রেলওয়ের অব্যবস্থাপনা বিরোধী আন্দোলন করে দেশজুড়ে পরিচিতি পাওয়া অ্যাক্টিভিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনিও এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। এনসিপিতে যোগদানের বিষয়ে রনি ইতিবাচক ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে বেশ আগ্রহী।

এর আগে ১৯ এপ্রিল এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৭ জন নেতাকর্মী দলটিতে যোগ দেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ প্রসঙ্গে স্পষ্ট করেছেন যে, কোনো ব্যক্তির অতীত পরিচয় নয় বরং বর্তমান আদর্শ ও স্বচ্ছ ভাবমূর্তিকেই তারা সদস্য গ্রহণের মানদণ্ড হিসেবে দেখছেন।