ভোলা পৌরসভার জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা সুমিকে গ্রেপ্তারের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে এই আইনজীবী উল্লেখ করেন যে, শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশের জেরে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি সংশ্লিষ্ট পুলিশ সদস্যের পাশাপাশি যারা এই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন, তাদের বিরুদ্ধেও জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শিশির মনির স্মরণ করিয়ে দেন যে, ডিজিটাল নিরাপত্তা আইন ইতোমধ্যেই বাতিল করা হয়েছে এবং ফেসবুকে কোনো বিষয়ে সমালোচনা করা বা নিজের ভাব প্রকাশ করা কোনোভাবেই অপরাধ হতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থায় সমালোচনা করার অধিকার সবারই রয়েছে।
সরকারের উদ্দেশ্যে দেওয়া ওই বার্তায় তিনি অতি উৎসাহী পুলিশ সদস্যদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে গ্রেপ্তারকৃত নারীকে দ্রুত জামিনের আওতায় এনে মুক্তি দেওয়া এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তার পরিবারের কাছে যথাযথ ব্যাখ্যা প্রদানের দাবিও জানান তিনি।