বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ফটিকছড়িতে হরিণ শিকারিদের ‘মিস ফায়ারে’ যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে পাহাড়ি এলাকায় হরিণ শিকার করার সময় একদল শিকারির অসতর্ক গুলিবর্ষণে জমিল উদ্দিন নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

ফটিকছড়িতে হরিণ শিকারিদের ‘মিস ফায়ারে’ যুবক নিহত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে পাহাড়ি এলাকায় হরিণ শিকার করার সময় একদল শিকারির অসতর্ক গুলিবর্ষণে জমিল উদ্দিন নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

শনিবার বিকেলে খিরাম ইউনিয়ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জমিল উদ্দিন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালি বাপের বাড়ির বাসিন্দা মৃত তোফায়েল আহমেদের ছেলে। পেশায় কৃষক এই ব্যক্তির পরিবারে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাহাড়ে শিকারিদের ছোড়া গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বন বিভাগের সর্তা বিট কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, সর্তা বিটের কিছু পাহাড়ি অঞ্চলে বন্য হরিণের যাতায়াত রয়েছে। সেই সুবাদে কিছু শিকারি গোপনে সেখানে হরিণ শিকারের চেষ্টা চালায়। একইভাবে শনিবারও শিকারিরা পাহাড়ে অবস্থানকালে এই নিহতের ঘটনাটি ঘটে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খাঁন জানিয়েছেন, সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।