বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ফুয়েল পাস চেক করার সময় ইউএনও’র ওপর বিক্ষুব্ধ জনতার হামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করতে ফুয়েল পাস চেক করার সময় নজিরবিহীন হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক।

ফুয়েল পাস চেক করার সময় ইউএনও’র ওপর বিক্ষুব্ধ জনতার হামলা
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করতে ফুয়েল পাস চেক করার সময় নজিরবিহীন হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নে অবস্থিত ‘মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে’ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। হামলায় ইউএনওর দেহরক্ষী আহত হয়েছেন এবং উত্তেজিত জনতা তার সরকারি আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালায়।

ঘটনার সূত্রপাত

জানা গেছে, শনিবার দুপুর থেকেই উক্ত ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় ছিল। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, লাইনে দাঁড়ানো অধিকাংশ চালকের কাছে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ফুয়েল কার্ড, যানবাহনের নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স ছিল না। ফলে বৈধ কাগজপত্রধারী চালকরা তেল সংগ্রহ করতে পারছিলেন না এবং পাম্প চত্বরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্তৃপক্ষ ইউএনওকে অবহিত করেন।

খবর পেয়ে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ইউএনও সবুজ কুমার বসাক। তিনি সেখানে ঘোষণা দেন যে, যাদের কাছে ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র নেই, তারা যেন লাইন ছেড়ে চলে যান। এসময় সরকারি নিয়ম অমান্য করায় তাৎক্ষণিকভাবে দুই চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

অতর্কিত হামলা ও আত্মরক্ষা

জরিমানা করার পরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই শতাধিক লোকের একটি মিছিল এসে ইউএনও এবং তার সাথে থাকা কর্মকর্তাদের ওপর অতর্কিত আক্রমণ করে। হামলাকারীরা ইউএনওর বডিগার্ড তৈবুলকে (৪৩) মারধর শুরু করে এবং তার সাথে থাকা সরকারি অস্ত্রটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

উত্তপ্ত পরিস্থিতি থেকে বাঁচতে ইউএনও স্থানীয়দের সহায়তায় দৌড়ে পার্শ্ববর্তী মুমিনুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। পরবর্তীতে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। বর্তমানে আহত বডিগার্ড তৈবুল দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

যা বললেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

ঘটনার বর্ণনা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, "শনিবার দুপুরে উপজেলায় তিনটি পাম্পে তেল দেওয়ার কথা ছিল। এই পাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে আমি সেখানে যাই। লাইনে থাকা কাগজপত্র বিহীন মোটরসাইকেল চালকদের চলে যেতে বলায় এবং দুজনকে জরিমানা করায় শতাধিক লোক মিছিল নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার বডিগার্ডের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। বর্তমানে আমার বডিগার্ড দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।"

আইনি ব্যবস্থার বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক জানান, "বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সে সময় দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। যেহেতু বিষয়টি সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা, সে কারণে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে জড়িতদের খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছি। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।