দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা পাঁচ মাসে ৯০০ ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭২৮ শিশু। এ সময়ে নতুন করে ৭০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ মিলিয়ে এক দিনে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ৬ জন ঢাকার এবং ২ জন সিলেটের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পাঁচ মাসে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক লাখ ৪১ হাজার ৭৭৬ শিশু। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮০০ শিশুর। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৯ হাজার ৫৭৬।
এই সময়ে সুস্থ হয়ে উঠেছে এক লাখ ১৯ হাজার ৮৯ শিশু।
মৃত্যুর হিসাবে দেখা যায়, গত পাঁচ মাসে হামের উপসর্গে মারা গেছে ৮০৩ শিশু। অন্যদিকে, হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। দুই হিসাব মিলিয়ে মোট শিশুমৃত্যুর সংখ্যা ৯০২।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০০ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৪৯ শিশু।