শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।

হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান
ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।

দলীয় সূত্র জানায়, আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে যাবেন তারেক রহমান। ওই দিন হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে শুরু হবে তার নির্বাচনী প্রচার। পরে সড়কপথে ঢাকায় ফেরার সময় বিভিন্ন এলাকায় পথসভা ও জনসভায় অংশ নেবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে শনিবার বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বাসসকে বলেন, তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পরদিন থেকেই দলীয়ভাবে প্রচার শুরু হবে।

এর আগে, গতকাল ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভোটের প্রস্তুতি নিয়ে কথা বলেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, ‘সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ (২২ জানুয়ারি) থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।’

তবে প্রচারের কৌশল বা কর্মসূচি নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম।

কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান প্রথমে সিলেট থেকে প্রচার শুরু করবেন। এরপর মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি শ্রীমঙ্গলে একটি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই জাতীয় নির্বাচনের প্রচার শুরু করার রীতি অনুসরণ করে আসছে বিএনপি।