যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় রোববার ভোরের দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। অত্যন্ত স্পর্শকাতর এই স্থানে গুলির শব্দের খবর পাওয়ার পরপরই তদন্তে নেমেছে মার্কিন সিক্রেট সার্ভিস। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাতের ঠিক পরেই ওয়াশিংটন ডিসির লাফায়েট পার্কের আশপাশে এই ঘটনা ঘটে।
সিক্রেট সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তা কর্মকর্তারা। তারা প্রেসিডেন্টের বাসভবনের ঠিক উত্তরে অবস্থিত পার্ক এবং এর সংলগ্ন এলাকাগুলোতে ব্যাপক তল্লাশি চালান। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি এবং এই ঘটনায় কেউ আহত হওয়ার খবরও পাওয়া যায়নি। বর্তমানে একটি নির্দিষ্ট গাড়ি এবং একজন সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে সিক্রেট সার্ভিস ও তাদের সহযোগী সংস্থাগুলো।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ফ্লোরিডায় তার মার-এ-লাগো এস্টেটে না গিয়ে ওয়াশিংটন ডিসিতেই অবস্থান করছেন। এই ঘটনার পর হোয়াইট হাউসের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক থাকলেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, তদন্তের স্বার্থে সাময়িকভাবে কিছু রাস্তা বন্ধ রাখা হলেও পরে সেগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত এই তদন্ত অব্যাহত ছিল বলে বিবিসিকে নিশ্চিত করেছে সংস্থাটি।
হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউস এবং ওভাল অফিসে দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন। নিরাপত্তার চাদরে ঢাকা এই এলাকায় কেন এবং কীভাবে গোলাগুলির সূত্রপাত হলো, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। রাজধানীর এই উচ্চ-নিরাপত্তা জোনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।