বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। সেখানে মাইন স্থাপন করা হলে ইরানকে “নজিরবিহীন সামরিক পরিণতি” ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১০ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইরান নাকি হরমুজ প্রণালিতে মাইন বসানো শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র এবং মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
তবে ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, এখন পর্যন্ত তিনি এমন কোনো নিশ্চিত তথ্য পাননি যে ইরান সত্যিই ওই প্রণালিতে মাইন বসিয়েছে। কিন্তু যদি তেহরান সেখানে ভাসমান বিস্ফোরক মাইন স্থাপন করে থাকে, তাহলে সেগুলো “অবিলম্বে” সরিয়ে ফেলতে হবে বলেও তিনি সতর্ক করেন।
ট্রাম্প লিখেছেন, ‘যদি কোনো কারণে সেখানে মাইন বসানো হয়ে থাকে এবং তা অবিলম্বে সরিয়ে না নেওয়া হয়, তাহলে ইরানের বিরুদ্ধে এমন মাত্রায় সামরিক প্রতিক্রিয়া দেখানো হবে, যা আগে কখনো দেখা যায়নি। যদি মাইন বসিয়েও থাকে, তাহলে সেগুলো যদি তারা সরিয়ে নেয়, তখন বুঝব যে তারা সঠিক পথে থেকে বড় এক পদক্ষেপ নিয়েছে।’
বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা বৃদ্ধির পর থেকে এ পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এমনকি উপসাগরীয় দেশগুলোর তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে যেতে না দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
মঙ্গলবার ট্রাম্প আরও বলেন, লাতিন আমেরিকার জলসীমায় কথিত মাদক পাচারকারীদের নৌকা ধ্বংস করতে আগে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, একই ধরনের অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে মাইন বসানো যেকোনো নৌকাকে ধ্বংস করে দেবে।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘তাদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সতর্ক থাকো।’
এদিকে এর আগে মার্কিন জ্বালানিমন্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করা হয়েছিল, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকারকে নিরাপত্তা দিয়ে পার করিয়েছে। পরে সেই পোস্টটি মুছে ফেলা হয়।
তবে মঙ্গলবার হোয়াইট হাউস স্পষ্ট করে জানায়, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপত্তা দিয়ে পার করায়নি।