বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

হরমুজ প্রণালিতে ভারতগামী থাই জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে ভারতের গুজরাটগামী থাইল্যান্ডের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর (প্রজেক্টাইল) হামলার শিকার হয়েছে।

হরমুজ প্রণালিতে ভারতগামী থাই জাহাজে হামলা
ছবিঃ সংগৃহীত

হরমুজ প্রণালিতে ভারতের গুজরাটগামী থাইল্যান্ডের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর (প্রজেক্টাইল) হামলার শিকার হয়েছে।

বুধবারের এই হামলায় জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায়। ওমানি নৌবাহিনীর তড়িৎ উদ্ধার অভিযানে ২০ জন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো ৩ জন নাবিক নিখোঁজ বা জাহাজের অভ্যন্তরে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ও জাহাজ ট্র্যাকিং তথ্যানুযায়ী, 'ময়ূরী নারি' নামক এই জাহাজটি ওমান উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দূরে থাকাকালীন আক্রান্ত হয়। থাইল্যান্ডের 'প্রেশাস শিপিং'-এর মালিকানাধীন এই জাহাজটিতে আঘাত লাগার পরপরই আগুন ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ও রয়্যাল থাই নেভি নিশ্চিত করেছে যে, একটি অজ্ঞাত উড্ডীয়মান বস্তুর আঘাতেই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

জাহাজটিতে মোট ২৩ জন নাবিক অবস্থান করছিলেন। ওমানি নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ জনকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হলেও বাকি ৩ জনের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ নাবিকদের উদ্ধার এবং জাহাজের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত কোনো দেশ বা সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, তেহরানের সঙ্গে চলমান আঞ্চলিক উত্তেজনার অংশ হিসেবেই এই আক্রমণ ঘটে থাকতে পারে। রয়্যাল থাই নেভি জানিয়েছে, হামলার ধরন এবং ব্যবহৃত অস্ত্র শনাক্ত করতে তারা উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।