বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের গত ১৬ মার্চ পর্যন্ত ১৩ জন মার্কিন সৈন্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটন।

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০
ছবিঃ সংগৃহীত

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের গত ১৬ মার্চ পর্যন্ত ১৩ জন মার্কিন সৈন্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটন।

সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত আহত মার্কিন সেনার সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, আহত সেনাদের একটি বড় অংশ প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন। এদের মধ্যে ১৮০ জন ইতিমধ্যে পুনরায় নিজেদের কর্মস্থলে যোগদান করেছেন। তবে অন্তত ১০ জন সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, ইরাক ও ইসরায়েলে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি বাহিনীর পাল্টা হামলার সময় এই হতাহতের ঘটনা ঘটে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের পর থেকেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে। প্রতিশোধ হিসেবে ইরানও মার্কিন মিত্র দেশগুলোতে অবস্থিত ঘাঁটিগুলো লক্ষ্য করে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে। গত সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই তিন সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের অত্যন্ত শক্তিশালী প্রায় এক ডজন এমকিউ-৯ ড্রোন হারিয়েছে।

এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির তালিকায় যুক্ত হয়েছে বেশ কিছু আকাশযানও। গত বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানায় সেন্টকম। এর আগে যুদ্ধের শুরুর দিকে গত ১ মার্চ কুয়েতে একটি অনাকাঙ্ক্ষিত 'ফ্রেন্ডলি ফায়ার'-এর ঘটনা ঘটে। সেখানে কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনীর ভুল নিশানায় যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে মার্কিন বাহিনী বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে।