বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের ওপর সামরিক অভিযানের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে আজ সম্ভাব্য সবচেয়ে জোরালো হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ছবিঃ সংগৃহীত

ইরানের ওপর সামরিক অভিযানের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে আজ সম্ভাব্য সবচেয়ে জোরালো হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই হুঁশিয়ারি দেন। ফরাসি বার্তাসংস্থা এএফপি ও আল-জাজিরা এই খবর নিশ্চিত করেছে।

প্রতিরক্ষামন্ত্রী জানান, আসন্ন অভিযানে আগের চেয়ে অনেক বেশি সংখ্যক অত্যাধুনিক যুদ্ধবিমান ও বোমারু বিমান ব্যবহার করা হবে। তবে এই সংঘাত কত দিন স্থায়ী হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেগসেথ বলেন, "যুদ্ধ কত দিন চলবে তা সম্পূর্ণভাবে প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এটি যুদ্ধের কোন পর্যায়ে আছে, তা নির্ধারণ করা আমার কাজ নয়।" উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প ইতিপূর্বে এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা প্রকাশ করলেও কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানাননি।

সংবাদ সম্মেলনে পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, তেহরান তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র বা লঞ্চারগুলো স্কুল ও হাসপাতালের মতো বেসামরিক স্থাপনার কাছাকাছি স্থাপন করছে, যাতে মার্কিন বাহিনীর পক্ষে লক্ষ্যভেদী হামলা চালানো কঠিন হয়ে পড়ে। তবে তিনি এও দাবি করেন যে, ইরানের প্রতিরোধের সক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তার মতে, গত ২৪ ঘণ্টায় ইরান তাদের প্রকৃত সক্ষমতার তুলনায় সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পেরেছে।

একই সংবাদ সম্মেলনে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন অভিযানের কৌশলগত দিক তুলে ধরেন। তিনি জানান, চলমান এই সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরানের নৌবাহিনীকে পঙ্গু করে দেওয়া। বিশেষ করে সমুদ্রপথে মাইন ব্যবহার করে ইরান যাতে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে না পারে, মার্কিন বাহিনী সেই লক্ষ্যেই অভিযান পরিচালনা করছে।