বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরানের নিরাপত্তা সচিব আলি লারিজানি ও বাসিজ কমান্ডার গোলামরেজাকে হত্যার দাবি

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যা করার দাবি তুলেছে ইসরায়েল, যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। একইসঙ্গে আরেক উচ্চপদস্থ সামরিক ব্যক্তিত্ব নিহত হওয়ার দাবিও করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইরানের নিরাপত্তা সচিব আলি লারিজানি ও বাসিজ কমান্ডার গোলামরেজাকে হত্যার দাবি

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যা করার দাবি তুলেছে ইসরায়েল, যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। একইসঙ্গে আরেক উচ্চপদস্থ সামরিক ব্যক্তিত্ব নিহত হওয়ার দাবিও করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ দাবি করেন, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এবং অভ্যন্তরীণ বাসিজ মিলিশিয়ার কমান্ডার গোলামরেজা সোলেইমানিকে গুপ্তহত্যা করা হয়েছে। তবে এই দুই ঘটনার কোনোটিই এখনো নিশ্চিত করেনি ইরান।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে লারিজানির হাতে লেখা একটি নোট প্রকাশ করা হয়েছে। তবে সেটি তার জীবিত থাকার প্রমাণ হিসেবে প্রকাশ করা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। ওই নোটে তিনি আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহত ইরানি নাবিকদের স্মরণ করেছেন, যাদের দাফন মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যদি এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত হয়, তাহলে এটি চলমান সংঘাতে সবচেয়ে উচ্চপর্যায়ের হত্যার ঘটনা হিসেবে বিবেচিত হবে। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই মার্কিন-ইসরায়েলি হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া যায়।

লারিজানিকে সর্বশেষ গত শুক্রবার তেহরানে আল-কুদস দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দেখা গিয়েছিল।

দীর্ঘদিন ধরে ইরানের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত লারিজানি একসময় পশ্চিমা দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনা প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া তিনি পূর্বে ইরানের সংসদের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার এক বার্তায় আরও দাবি করেছে, তারা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের অধীনস্থ বাসিজ ইউনিটের কমান্ডার গোলামরেজা সোলেইমানিকেও হত্যা করেছে।

তাদের বক্তব্য অনুযায়ী, “সামরিক গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিমান বাহিনী গতকাল তেহরানের কেন্দ্রস্থলে একটি লক্ষ্যবস্তুভিত্তিক হামলা চালিয়ে গত ছয় বছর ধরে বাসিজ ইউনিটের কমান্ডার গোলাম রেজা সোলেইমানিকে নির্মূল করেছে,” এতে বলা হয়েছে।

তবে এই দাবির বিষয়েও এখনো কোনো নিশ্চিতকরণ বা প্রতিক্রিয়া দেয়নি ইরান।

সূত্র: আল জাজিরা