আন্তর্জাতিক
‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই’
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে নিজ দেশে অবস্থান করছেন না বলে দাবি করেছে সৌদি আরবভিত্তিক গণমাধ্যম আল-হাদাস। ইসরাইলের একটি নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাতে প্রকাশিত এই সংবাদে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে নিজ দেশে অবস্থান করছেন না বলে দাবি করেছে সৌদি আরবভিত্তিক গণমাধ্যম আল-হাদাস। ইসরাইলের একটি নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাতে প্রকাশিত এই সংবাদে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তাঁর পুত্র মোজতবা খামেনিকে এই শীর্ষ পদে আসীন করা হয়। তবে দায়িত্বভার গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তাঁকে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিংবা জনসমক্ষে দেখা যায়নি, বরং কেবল লিখিত বার্তার মাধ্যমেই তিনি নিজের উপস্থিতি বজায় রেখেছেন।
ইসরাইলি ওই নিরাপত্তা সূত্রটি আরও চাঞ্চল্যকর দাবি করে জানিয়েছে, মোজতবা খামেনির নামে যেসব লিখিত নির্দেশনা বা বিবৃতি প্রচার করা হচ্ছে, সেগুলো আসলে তাঁর নিজের তৈরি নয়। মূলত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) বর্তমান প্রধান আহমাদ ওয়াহিদি এবং বাহিনীর শীর্ষ কমান্ডারেরা মিলে পর্দার আড়াল থেকে এই বার্তাগুলো ড্রাফট করছেন। একই সঙ্গে এই মুহূর্তে তেহরানের নীতিনির্ধারণী মহলে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও ক্ষমতার বিভাজন চলছে বলে জানা গেছে, যা খোদ আইআরজিসির অস্তিত্ব ও সাংগঠনিক কাঠামোকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে।
এদিকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধাবস্থা ও ভূরাজনীতি প্রসঙ্গে সূত্রটি উল্লেখ করেছে, তেহরান যদি কোনো কারণে ইসরাইলি ভূখণ্ডে সামরিক আগ্রাসনও চালায়, তবুও ওয়াশিংটন চাচ্ছে না যে তেল আবিব এর পাল্টা জবাব দিক। অর্থাৎ, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সরাসরি সামরিক পদক্ষেপে ইসরাইলের অংশগ্রহণ ঠেকাতে পর্দার আড়ালে কূটনৈতিক চাপ বজায় রাখছে মার্কিন প্রশাসন।