বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

'ইরানের সার্বভৌমত্ব রক্ষায় কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে রাশিয়া'

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন তিনি।

'ইরানের সার্বভৌমত্ব রক্ষায় কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে রাশিয়া'
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন তিনি।

সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এ অবস্থান তুলে ধরেন পুতিন। তিনি জানান, সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে একটি বার্তা পেয়েছেন।

পুতিন বলেন, ‘আমি আপনাকে অনুরোধ করছি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান পৌঁছে দিন।’ পাশাপাশি তিনি জোর দিয়ে উল্লেখ করেন, রাশিয়া ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক শুধু বজায়ই রাখবে না, বরং তা আরও শক্তিশালী করবে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের জনগণ নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ‘সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করছে’। তিনি আশা প্রকাশ করেন, দেশটি চলমান সংকট কাটিয়ে উঠে আবারও স্থিতিশীলতায় ফিরবে।

এ সময় পুতিন জানান, ইরানসহ পুরো অঞ্চলের স্বার্থে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়া। তিনি বলেন, ‘আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আপনার দেশের এবং পুরো অঞ্চলের জনগণের স্বার্থ রক্ষা করব, যাতে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠিত হয়।’

উল্লেখ্য, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার সেন্ট পিটার্সবার্গে পৌঁছান। এর আগে তিনি পাকিস্তান ও ওমান সফর শেষ করেন।