শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানের উত্তাল পরিস্থিতি: খামেনি পালিয়েছেন—সত্য না গুজব?

ইরানে চলমান অর্থনৈতিক চাপ ও সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ছেড়ে পালিয়েছেন—এমন দাবি নাকচ করে দিয়েছে তেহরান। আন্তর্জাতিক গণমাধ্যম

ইরানের উত্তাল পরিস্থিতি: খামেনি পালিয়েছেন—সত্য না গুজব?

ইরানে চলমান অর্থনৈতিক চাপ ও সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ছেড়ে পালিয়েছেন—এমন দাবি নাকচ করে দিয়েছে তেহরান। আন্তর্জাতিক গণমাধ্যম

সম্প্রতি ‘দ্য টাইমস’–এর প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে এবং নিরাপত্তা বাহিনী অনুগত না থাকলে ৮৬ বছর বয়সী খামেনি পরিবারের প্রায় ২০ সদস্যকে নিয়ে রাশিয়ার মস্কোয় আশ্রয় নিতে পারেন। প্রতিবেদনে বিদেশে তার বিপুল সম্পদের কথাও উল্লেখ করা হয়। তবে এনডিটিভির বরাতে ভারতের ইরানি দূতাবাস এসব দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

দূতাবাসের বক্তব্যে বলা হয়, ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সরাসরি যুদ্ধের সময়ও যিনি দেশ ছাড়েননি, তিনি সাধারণ বিক্ষোভের মুখে পালিয়ে যাবেন—এমন দাবি ‘হাস্যকর ও বিভ্রান্তিকর’। তাদের মতে, এসব সংবাদ বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এদিকে ইরানের অস্থির পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রকাশ্যে সমর্থন জানিয়ে বর্তমান সরকার উৎখাতের লক্ষ্যে প্রয়োজনে সামরিক হামলার হুমকি দিয়েছেন। একই সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবে ইসরায়েলও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। দেশে বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতার পদত্যাগ ও শাসনব্যবস্থার পরিবর্তনের দাবি জানালেও আইআরজিসি (রেভল্যুশনারি গার্ডস) কঠোরভাবে আন্দোলন দমনের অবস্থান ধরে রেখেছে।

এই প্রেক্ষাপটে ইরানের কোম শহরের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা জামির জাফরি জানান, খামেনি সর্বশেষ ৩ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, যা তার সক্রিয় উপস্থিতির স্পষ্ট প্রমাণ। তিনি গণমাধ্যমকে বেনামী সূত্রনির্ভর সংবাদ প্রকাশে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, এ ধরনের প্রতিবেদন মূলত ইরানি জনগণের মনোবল দুর্বল করার কৌশল।

যদিও দেশজুড়ে আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে এবং প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে, সর্বোচ্চ নেতার অবস্থান পরিবর্তন বা দেশত্যাগের বিষয়ে এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য তথ্য সামনে আসেনি।