আসন্ন দিনে একটি সুন্দর ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জামায়াত কার্যালয়ে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন জামায়াত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় এখন স্পষ্টভাবে দুটি অবস্থান তৈরি হয়েছে। একদিকে একটি রাজনৈতিক দল, অন্যদিকে সাধারণ জনগণ ইসলামী জোটের পক্ষে অবস্থান নিচ্ছে। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ ইসলামী দলকে ভোট দিতে মানসিকভাবে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে হলে দল-মত নির্বিশেষে সবার কাছে ভোট চাইতে হবে এবং জনগণের কাছে ইসলামী রাজনীতির বার্তা পৌঁছে দিতে হবে।
কনকাপৈত ইউনিয়ন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধায়ক ভিপি সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাসান মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি পেয়ার আহমেদসহ স্থানীয় নেতারা