মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ যেন ইরানের জন্য নিজেদের সক্ষমতা প্রমাণের বড় এক পরীক্ষাগার হয়ে উঠেছে। নতুন নতুন সব অস্ত্র প্রয়োগ করে চোখ ধাধিয়ে দিচ্ছে সমর বিশারদদের। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ইসরায়েলে সেজিল ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বাহিনীটির জনসংযোগ বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক অভিযানে ইসরায়েলের দিকে মোট ৫৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, এই হামলায় বিভিন্ন ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে খোররামশাহর সুপার-হেভি ক্ষেপণাস্ত্র, যা দ্বৈত ওয়ারহেড বহনে সক্ষম। পাশাপাশি খায়বার-শাখান, কদর, এমাদ এবং প্রথমবারের মতো অপারেশন সাদেক প্রমিজে চারটি কৌশলগত জ্বালানি চালিত সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
বিপ্লবী গার্ড বাহিনীর প্রচার বিভাগের তথ্য অনুযায়ী, সেজিল একটি মাঝারি পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তাদের দাবি, ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র থেকে ইসরায়েলের তেল আবিব শহর পর্যন্ত দূরত্ব এই ক্ষেপণাস্ত্র মাত্র সাত মিনিটে অতিক্রম করতে সক্ষম।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করা হয়েছে। আগের হামলার খবর প্রকাশের দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে এই নতুন হামলা চালানো হয় বলে তারা জানিয়েছে।
এদিকে টানা ১৭ দিন ধরে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সামরিক হামলা চালিয়ে যাচ্ছে। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।