সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের একটি সড়ক থেকে বিপুল পরিমাণ ইট সরিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা যুব জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় অভিযান চালিয়ে কয়েক লাখ ইটসহ তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে উপজেলা যুব জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি প্রকল্পের ইট গায়েব হওয়ার বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এই চুরির ঘটনার প্রতিবাদে মাহফুজুল ইসলাম চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকলেও শেষ পর্যন্ত তার নিজ বাড়ি থেকেই সরকারি ইট উদ্ধার হওয়ার ঘটনাটি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০২১ সালে কসকনকপুর ইউনিয়নের মুন্সি বাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছিল। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে সুরমা নদীর বাঁধ সংস্কার কাজ চলায় ওই সড়কে মাটি ভরাটের সিদ্ধান্ত নেয় সরকার। নিয়ম অনুযায়ী, মাটি ভরাটের আগে রাস্তার পুরনো ইটগুলো তুলে স্থানীয় মাদ্রাসার মাঠে সরকারি তত্ত্বাবধানে জমা রাখার নির্দেশনা ছিল।
কিন্তু অভিযোগ ওঠে, প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের অন্ধকারে সড়ক থেকে প্রায় ১৫ লাখ ইট সরিয়ে ফেলা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার (৪ মার্চ) আবু ইউসুফ মোহাম্মদ নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ প্রদান করেন। পরদিন উপজেলা প্রশাসনের টাস্কফোর্স ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়েক লাখ ইট উদ্ধারসহ ছয়জনকে আটক করতে সক্ষম হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আটককৃতদের মধ্যে মাহফুজুল ইসলাম চৌধুরীও রয়েছেন। অবৈধভাবে সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।