জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত বৈশ্বিক পুলিশ প্রধানদের পঞ্চম সম্মেলনে (ইউএন-কপস) বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার দিবাগত শেষ রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
সফরের মূল কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নেবেন মন্ত্রী। এর পাশাপাশি সম্মেলনের ফাঁকে আয়োজিত একটি উচ্চপর্যায়ের নৈশভোজেও তার যোগ দেওয়ার কথা রয়েছে।
এবারের বৈশ্বিক সম্মেলনে মূলত তিনটি প্রধান বিষয়ের ওপর আলোকপাত করা হবে, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক পুলিশের আগামী দিনের কর্মপরিকল্পনা, পুলিশিং ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার এবং আন্তঃদেশীয় অপরাধ ও সংকট মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারকরণ।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এর মধ্যে জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে তার বৈঠকের সূচি চূড়ান্ত রয়েছে।
এসব উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। এসব আলোচনায় বিশ্বজুড়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গৌরবময় ভূমিকা, পুলিশ বাহিনীর অংশগ্রহণ ও তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় গুরুত্বের সঙ্গে স্থান পাবে।