শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান আযাদ

ষড়যন্ত্র ও চক্রান্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক অগ্রযাত্রা ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, একদিন জামায়াতে ইসলামীর নেতৃত্বেই বাংলাদেশ পরিচালিত হবে। একই সঙ্গে জনগণের অধিকার আদায়ে জাতীয় সংসদের পাশাপাশি রাজপথেও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান আযাদ
কথা বলছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। ছবি: সংগৃহীত

ষড়যন্ত্র ও চক্রান্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক অগ্রযাত্রা ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, একদিন জামায়াতে ইসলামীর নেতৃত্বেই বাংলাদেশ পরিচালিত হবে। একই সঙ্গে জনগণের অধিকার আদায়ে জাতীয় সংসদের পাশাপাশি রাজপথেও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী বরাবরই গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের পক্ষে অবস্থান নিয়ে আসছে। সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জনগণের বিভিন্ন সংকট ও দাবির বিষয়গুলো তারা সংসদে তুলে ধরছেন। তবে সরকার এসব ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিয়ে উপেক্ষা করলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে বলে জানান তিনি।

জামায়াতের প্রতি সাধারণ মানুষের বাড়তে থাকা সমর্থন দেখে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে নানা ধরনের ষড়যন্ত্রে জড়িয়েছে বলেও অভিযোগ করেন হামিদুর রহমান আযাদ।

তিনি তৃণমূল নেতা-কর্মীদের সংগঠনের প্রাণশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, যেকোনো আদর্শিক সংগঠনের মূল শক্তি তার তৃণমূলের নেতা-কর্মীরা। জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে পারলে কোনো অপশক্তিই সংগঠনের অগ্রযাত্রা থামাতে পারবে না।

এ সময় আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে অনুষ্ঠেয় লংমার্চ কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার প্রস্তুতি নিতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে শিক্ষাশিবিরটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

শিক্ষাশিবিরে ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরা অংশ নেন।