বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

সাংস্কৃতিক বৈচিত্র্য আর উৎসবের আমেজে জাতীয় প্রেস ক্লাবে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
ছবি : সংগৃহীত

সাংস্কৃতিক বৈচিত্র্য আর উৎসবের আমেজে জাতীয় প্রেস ক্লাবে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। বাউল সংগীত, ভাওয়াইয়া এবং লোকজ সুরের মূর্ছনায় মুখরিত এই আয়োজনে মুগ্ধ হয়েছেন আগত অতিথিরা। মঙ্গলবার সকালে ক্লাব সদস্যদের সন্তানদের সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্দা উন্মোচিত হয়।

নববর্ষের সকালে ক্লাব সদস্য ও তাদের পরিবারের জন্য পরিবেশন করা হয় চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী খাবার। মুড়ি-মুড়কি, খই, বাতাসা, পায়েস এবং খিচুড়ির পাশাপাশি ছিল পান্তা-ইলিশের বিশেষ আয়োজন। মধ্যাহ্নভোজেও দেশীয় খাবারের সমারোহে সপরিবারে অংশ নেন সাংবাদিকরা। সাংস্কৃতিক পর্বে পুতুল বাউল, উপমা বাউলসহ একাধিক বাউল শিল্পীর গান দর্শকদের অন্যরকম আনন্দ দেয়। এছাড়া শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনা ও ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুলনাচ ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি তার বক্তব্যে বলেন, বাংলা নববর্ষের শেকড় আমাদের যাপিত জীবনের সঙ্গে গভীরভাবে মিশে আছে। মোগল আমল থেকে শুরু হওয়া এই উৎসবের মূলে রয়েছে কৃষক ও সাধারণ মানুষের সংস্কৃতি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কেউ কেউ সংস্কৃতির এই বহুত্ববাদ না বুঝে নববর্ষের ওপর ভিন্ন মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। অথচ এই একটি উৎসবই সব ধর্ম-বর্ণের মানুষকে এক কাতারে নিয়ে আসে এবং জাতীয় ঐক্যের প্রতীক হয়ে দাঁড়ায়।

তথ্যমন্ত্রী আরও বলেন, দেশকে স্বনির্ভর করার পাশাপাশি আমাদের নিজস্ব সংস্কৃতিকেও বিশ্বদরবারে তুলে ধরতে হবে। জাতীয় প্রেস ক্লাব নিয়মিতভাবে এ ধরনের দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। সুস্থ সাংস্কৃতিক ধারা বজায় রাখতে সাংবাদিকদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গণি চৌধুরী। সভায় আরও বক্তব্য প্রদান করেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই উৎসবটি সাংবাদিক পরিবারের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।