ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রধানরা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এসব ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।
এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সম্প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনে (ইসি) উভয় দলের আবেদন বিবেচনার পর সোমবার রাতের শেষ স্লটে তারেক রহমান এবং একই দিন রাত ৯টায় ডা. শফিকুর রহমানের ভাষণ বিটিভিতে সম্প্রচারের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ রোববার সম্প্রচারের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
এবারের নির্বাচনে মোট ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজকে ভাষণের সুযোগ প্রদানের জন্য ইসিতে আবেদন করা হয় ৫ ফেব্রুয়ারি। আরও দুটি দলও সম্প্রচার সম্পর্কিত আবেদন করেছে।
নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দনকে ভাষণের সুযোগ প্রদানের জন্য আজ শনিবার ইসিতে আবেদন করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন।