মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

জকসু নির্বাচনে ৬৬৬ ভোটে এগিয়ে শিবির প্যানেলের ভিপি প্রার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনার মধ্যবর্তী ফলাফলে ভিপি পদে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী মো. রিয়াজুল ইসলাম। সর্বশেষ ঘোষিত ফল অনুযায়ী তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৬৬ ভোটে এগিয়ে আছেন।

জকসু নির্বাচনে ৬৬৬ ভোটে এগিয়ে শিবির প্যানেলের ভিপি প্রার্থী
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনার মধ্যবর্তী ফলাফলে ভিপি পদে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী মো. রিয়াজুল ইসলাম। সর্বশেষ ঘোষিত ফল অনুযায়ী তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৬৬ ভোটে এগিয়ে আছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও আইন বিভাগের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ৩১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব ফলাফলে ভিপি পদে মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৩১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিবের প্রাপ্ত ভোট ৩ হাজার ৬৫৩টি।

এদিকে জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলীম আরিফ সর্বোচ্চ ৪ হাজার ৩৪৫ ভোট নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৭৩৪ ভোট। এ পদে দুজনের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২ হাজার ৬১১।

এজিএস পদেও এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা। তিনি পেয়েছেন ৩ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিলের প্রাপ্ত ভোট ৩ হাজার ৮৭। ফলে এজিএস পদে ভোটের ব্যবধান ৭৮৫।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও একটি হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আনা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে ভোট গণনা শুরু হলেও তথ্যগত অসামঞ্জস্য দেখা দেওয়ায় দীর্ঘ সময় গণনা কার্যক্রম বন্ধ থাকে। পরে গভীর রাতে আবার ভোট গণনা শুরু করা হয়।

নির্বাচন কমিশনের তথ্যমতে, জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন, যার মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। সেখানে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪২ জন এবং ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ।

এখন পর্যন্ত ৩১টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি ৮টি কেন্দ্রের ভোট গণনা এখনও চলমান রয়েছে।