শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

জুলাই গণ-অভ্যুত্থান: মামলা প্রত্যাহারে সরকারের আইনি উদ্যোগ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধে অংশ নেওয়াদের ফৌজদারি দায়মুক্তি দিতে একটি অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সরকার জানিয়েছে, পাঁচ থেকে সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।

জুলাই গণ-অভ্যুত্থান: মামলা প্রত্যাহারে সরকারের আইনি উদ্যোগ

 জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধে অংশ নেওয়াদের ফৌজদারি দায়মুক্তি দিতে একটি অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সরকার জানিয়েছে, পাঁচ থেকে সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ সরকারের একটি ঐতিহাসিক প্রতিশ্রুতির বাস্তবায়ন। জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি সরকারের যে অঙ্গীকার ছিল, এই অধ্যাদেশ তারই প্রতিফলন। ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত কর্মকাণ্ডের জন্য কাউকে ফৌজদারি মামলায় জড়ানো যাবে না।’

তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে পরিচালিত সংগঠিত কর্মকাণ্ডের জন্য অংশগ্রহণকারীদের ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখানে রাজনৈতিক প্রতিরোধ বলতে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত কার্যক্রমকে বোঝানো হয়েছে। এসব কর্মকাণ্ড থেকে সৃষ্ট ফৌজদারি দায়-দায়িত্ব এই অধ্যাদেশের আওতায় পড়বে না।

আইন উপদেষ্টা আরও বলেন, অধ্যাদেশ অনুযায়ী ২০২৪ সালের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ে রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডের কারণে যেসব ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নেবে সরকার। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডের জন্য নতুন করে কোনো মামলা দায়ের করা যাবে না।

তবে তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক প্রতিরোধের আড়ালে ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ক্ষেত্রে এই দায়মুক্তি কার্যকর হবে না। আইন উপদেষ্টা বলেন, লোভ, প্রতিশোধ কিংবা ব্যক্তিগত স্বার্থে সংঘটিত কোনো হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে বিবেচিত হবে না এবং সে ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, কোন হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিরোধের অংশ এবং কোনটি ব্যক্তিগত স্বার্থে সংঘটিত—তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। কোনো ভুক্তভোগীর পরিবার যদি মনে করে তাদের স্বজন ব্যক্তিগত কারণে নিহত হয়েছেন এবং এর সঙ্গে ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনের সম্পর্ক নেই, তাহলে তারা মানবাধিকার কমিশনে আবেদন করতে পারবেন। কমিশনের তদন্ত প্রতিবেদন আদালতে পুলিশের তদন্ত প্রতিবেদনের মতোই গণ্য হবে।

আইন উপদেষ্টা আরও বলেন, মানবাধিকার কমিশন যদি মনে করে কোনো হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিরোধের প্রেক্ষাপটে ঘটলেও ভুক্তভোগীর পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, সে ক্ষেত্রে সরকারকে সুপারিশ করার সুযোগ রাখা হয়েছে।

মানবাধিকার কমিশন প্রসঙ্গে আসিফ নজরুল জানান, আগামী ৩১ জানুয়ারির মধ্যেই নতুন কমিশন গঠন করা হবে। তার ভাষায়, এটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ও কার্যকর মানবাধিকার কমিশন।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, গত ১৫ বছরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা প্রায় ২০ হাজার মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কি না, তা পর্যালোচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে একটি পৃথক সেল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইন উপদেষ্টা বলেন, বিশ্বে বিভিন্ন দেশে গণ-অভ্যুত্থান বা বিপ্লবের পর এ ধরনের দায়মুক্তির বিধান দেখা যায়। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদেও এ ধরনের আইন প্রণয়নের সুযোগ রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশ হত্যাসহ যেকোনো সহিংস ঘটনার ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে। রাজনৈতিক প্রতিরোধের সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন কোনো হত্যাকাণ্ড দায়মুক্তির আওতায় আসবে না।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।